নারায়ণগঞ্জে যুবক খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের আড়াইহাজারে আজ সোমবার সন্ধ্যায় নজরুল ইসলাম (৩২) নামের এক যুবক খুন হয়েছেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়নগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। পুলিশ বলছে, গণপিটুনিতে তিনি মারা গেছেন। 

স্থানীয় সূত্র জানায়, নজরুলের বাড়ি নরসিংদীতে। তবে তিনি অদূরে আড়াইহাজারের লক্ষীবরদী গ্রামে থাকতেন। আজ সন্ধ্যা সাতটার দিকে উপজেলার গোপালদী পৌরসভার কালামেরকান্দী এলাকায় সড়কে নজরুল ইসলামসহ কয়েকজন কথাবার্তা বলছিলেন। তখন তাঁদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে নজরুলকে কয়েকজন এলোপাতাড়ি কুপিয়ে এবং হাতুড়ি ও ইট দিয়ে আঘাত করে গুরুতর জখম করে চলে যান। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জানতে চাইলে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন দাবি করেন, নিহত নজরুল একদল সন্ত্রাসীদের সঙ্গে বৈঠক করার সময় এলাকাবাসী তাঁদের উপর হামলা চালান। তখন অন্যরা পালিয়ে গেলেও নজরুল গণপিটুনিতে মারা যান। ওসি বলেন, নজরুলের বিরুদ্ধে নরসিংদী সদর থানায় হত্যা চাঁদাবাজিসহ ছয়টি এবং আড়াইহাজার থানায় একটি হত্যাসহ তিনটি মামলা রয়েছে। তিনি আড়াইহাজারে আত্মগোপন করে ছিলেন। এ এলাকায় তাঁর সন্ত্রাসী কার্যকলাপের জন্য লোকজন অতিষ্ঠ ছিল।