নারায়ণগঞ্জে যুবদলের মিছিলে পুলিশের বাধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে গতকাল বৃহস্পতিবার যুবদলের আনন্দ মিছিলে বাধা দিয়েছে পুলিশ। মিছিল থেকে ব্যানার কেড়ে নেওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে যুবদলের নেতা-কর্মীদের ধস্তাধস্তির ঘটনা ঘটে। এ সময় বিএনপির নেতারাও উপস্থিত ছিলেন।
প্রয়াত রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে ও কেন্দ্রীয় যুবদলের নতুন কমিটির নেতাদের শুভেচ্ছা জানিয়ে ওই মিছিল বের করা হয়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল বেলা ১১টায় শহরের ডিআইটি বাণিজ্যিক এলাকার করিম মার্কেটের সামনে থেকে মিছিল বের করে যুবদল। মিছিলটি বঙ্গবন্ধু সড়ক দিয়ে মণ্ডলপাড়া হয়ে জেলা বিএনপির কার্যালয়ের সামনে যায়। মিছিলে দলীয় পতাকা ছিল। বাদ্যবাজনাও ছিল। সেখানে সমাবেশ করার সময় ব্যানার কেড়ে নেওয়ার চেষ্টা করে পুলিশ।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা কমিটির সভাপতি তৈমুর আলম খন্দকার, যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন খান, নগর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম, নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসান আহমেদ, মহানগর যুবদলের আহ্বায়ক মাকসুদুল আলম খন্দকার, যুগ্ম আহ্বায়ক রানা মুজিবসহ মহানগর যুবদলের নেতা-কর্মীরা।
তৈমুর আলম খন্দকার বলেন, পুলিশ এখন ক্ষমতাসীন দলের লাঠিয়াল বাহিনীতে পরিণত হয়েছে। গণতন্ত্র ফিরিয়ে আনতে প্রয়োজনে বুকের তাজা রক্ত দিতেও প্রস্তুত বিএনপির নেতা-কর্মীরা। মাকছুদুল আলম খন্দকার বলেন, ‘পুলিশ আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দিয়েছে।’
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, জনগণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় পুলিশ তাঁদের (নেতা-কর্মীদের) সরিয়ে দিয়েছে।