নারায়ণগঞ্জে র্যা বের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' এক ব্যক্তি নিহত
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে র্যা বের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল রোববার ভোরে গোদনাইল পদ্মা অয়েল ডিপোর পাশে এ ঘটনা ঘটে।
নিহত দেলোয়ার হোসেন ওরফে মাস্টার দেলু (৩৯) ডাকাত সরদার ও মাদক ব্যবসায়ী ছিলেন বলে জানিয়েছে র্যা ব। তিনি নগরীর খানপুর এলাকার বাসিন্দা।
গতকাল বিকেলে সিদ্ধিরগঞ্জের আদমজীতে র্যা ব-১১-এর কার্যালয়ে সংবাদ সম্মেলনে ওই ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসান বলেন, গতকাল ভোর চারটার দিকে গোদনাইল পদ্মা অয়েল ডিপোর পাশে ইসমাইলের বাড়িতে দেলোয়ার ও তাঁর তিন সহযোগী অবস্থান করছেন, এমন সংবাদের ভিত্তিতে র্যা ব সদস্যরা ওই বাড়িতে অভিযান চালান। দরজা ভেঙে ভেতরে ঢোকার পর দেলোয়ার ও তাঁর সহযোগীরা র্যা বকে লক্ষ্য করে গুলি ছোড়েন। র্যা বও পাল্টা গুলি চালায়। পরে বাসার রান্নাঘরে দেলোয়ারের গুলিবিদ্ধ মরদেহ পড়ে থাকতে দেখা যায়। দেলোয়ারের সহযোগী ফয়সাল হোসেন, আক্তার হোসেন ও শিহাবুল আলমকে গ্রেপ্তার করেছে র্যা ব। এ সময় তাঁদের কাছ থেকে ৩টি পিস্তল, ১টি রিভলবার, ৪টি ম্যাগাজিন, ৮টি গুলি, ১৩টি গুলির খোসা ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
র্যা ব কর্মকর্তা কামরুল হাসান বলেন, দেলোয়ার ছিলেন ডাকাত সরদার। তাঁর বিরুদ্ধে নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় খুন, ডাকাতি, চাঁদাবাজি, অবৈধ অস্ত্রসহ ২১টি মামলা রয়েছে। বন্দুকযুদ্ধের সময় র্যা বের দুই সদস্য আহত হয়েছেন। তাঁদের শহরের খানপুরে ৩০০ শয্যাবিশিষ্ট নারায়ণগঞ্জ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
দেলোয়ারের মরদেহও ওই হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তাঁর বুকে গুলি বিদ্ধ হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের চিকিৎসকেরা।