নারায়ণগঞ্জে লুট হওয়া ৩২০ বস্তা চিনি চাঁদপুরে উদ্ধার
নারায়ণগঞ্জের মেঘনা ঘাট থেকে লুট হওয়া ৩২০ বস্তা চিনি চাঁদপুর শহরের পালবাজার ও পুরানবাজার থেকে উদ্ধার করা হয়েছে। গত শুক্রবার পুলিশ বস্তাগুলো উদ্ধার করে। এ ঘটনায় এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
চাঁদপুর মডেল থানা ও পুরানবাজার পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়, ১১ এপ্রিল নারায়ণগঞ্জ মেঘনা ঘাট থেকে ফ্রেশ কোম্পানি থেকে কেনা ৩২০ বস্তা চিনির একটি চালান দিনাজপুরের খাজা আজমীর স্টোরের নামে সরবরাহ দেওয়া হয়। পরে ট্রাকচালক চিনিভর্তি সেই ট্রাক দিনাজপুরের বড় বন্দর এলাকায় না নিয়ে চাঁদপুরে নিয়ে আসেন। এরপর তিনি গোপনে দালালদের মাধ্যমে শহরের পালবাজার ও পুরানবাজারের কয়েকজন ব্যবসায়ীর কাছে চিনিগুলো বিক্রি করে দেন। এ ঘটনায় ১৩ এপ্রিল নারায়ণগঞ্জের কাঁচপুরের সুমন ট্রান্সপোর্ট সোনারগাঁ থানায় ট্রাকচালক রানা, তাঁর সহকারী ফারুকসহ পাঁচজনকে আসামি করে মামলা করে।
মামলার সূত্র ধরে সোনারগাঁ থানার একদল পুলিশ গত তিন দিন চাঁদপুরে চিনি উদ্ধারে অভিযান চালায়। পরে আটক ফয়সাল পাটওয়ারীর দেওয়া তথ্যের ভিত্তিতে তারা প্রথমে পালবাজারের ছালামত খান স্টোর থেকে ৪০, পুরানবাজারের আল্লাহর দান স্টোর থেকে ৪০, ভাই ভাই স্টোর থেকে ৫০ এবং বাদশা স্টোর থেকে ৪০ বস্তা চিনি উদ্ধার করে। এরপর ওই দুই স্থান থেকে আরও ১৫০ বস্তা চিনি উদ্ধার করা হয়। চিনি উদ্ধারে সোনারগাঁ থানার পুলিশকে চাঁদপুর মডেল থানা–পুলিশ সহায়তা করে।
দিনাজপুরের ব্যবসায়ী রাজকুমার সাহা জানান, নারায়ণগঞ্জের মেঘনা ঘাট থেকে দিনাজপুর যাওয়ার পথে ট্রাকচালক, তাঁর সহকারীসহ ট্রাকভর্তি চিনিগুলো নিয়ে পালিয়ে যান।
মামলা তদন্তকারী কর্মকর্তা এসআই (উপপরিদর্শক) তানভির আহমেদ বলেন, আটক ব্যক্তির তথ্যের ভিত্তিতে পুলিশ লুট হওয়া চিনি উদ্ধার করতে সক্ষম হয়।