নারায়ণগঞ্জে ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে গতকাল শনিবার ইব্রাহিম খলিল নামের এক শিক্ষককে গণপিটুনি দিয়েছে স্থানীয় লোকজন। পরে ওই ছাত্রীর লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে তাঁকে আটক করেছে পুলিশ।
স্থানীয় লোকজনের বরাত দিয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. শফিকুল ইসলাম বলেন, গতকাল সকালে ওই ছাত্রী স্কুলে যায়। বৃষ্টির কারণে তখন অন্য কোনো শিক্ষার্থী শ্রেণিকক্ষে ছিল না। এই সুযোগে শিক্ষক ইব্রাহিম শ্রেণিকক্ষে ঢুকে ওই ছাত্রীর শ্লীলতাহানি করেন। তখন ছাত্রীটির চিৎকারে লোকজন এগিয়ে এসে শিক্ষককে ধরে গণপিটুনি দেয়।
পুলিশ কর্মকর্তা শফিকুল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই শিক্ষককে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে তাঁকে হাসপাতাল থেকে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় ছাত্রীটি বাদী হয়ে থানায় অভিযোগ দিয়েছে। মামলার প্রস্তুতি চলছে। অভিযোগ তদন্ত করে দেখা হচ্ছে।
স্কুলের প্রধান শিক্ষক রবিন আহমেদ বলেন, ‘সকাল থেকে বৃষ্টির কারণে স্কুলে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল একেবারেই কম। তাই দুপুরের দিকে স্কুল ছুটি দেওয়ার প্রস্তুতি চলছিল। দুপুরে হঠাৎ হইচই শুনে রুম থেকে বের হয়ে এসে দেখি আমাদের এক সহকারী শিক্ষককে স্থানীয় লোকজন মারধর করছে। মারধরকারী লোকদের কাছ থেকে ঘটনা জানতে পারি।’
তবে অভিযোগ অস্বীকার করে শিক্ষক ইব্রাহিম খলিল বলেন, ‘ওই ছাত্রী ভর্তির নিবন্ধন করতে এসেছিল নির্ধারিত সময়ের পরে। তাই তাকে ফিরিয়ে দিয়েছিলাম। সম্ভবত এই ঘটনার কারণে তার পরিবার আমার ওপর ক্ষুব্ধ ছিল। তারা আমাকে পরিকল্পিতভাবে ফাঁসিয়ে দিয়েছে।’
এদিকে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু সড়কে বিকেল চারটার দিকে স্থানীয় সাংসদ সেলিম ওসমানের সমর্থনে একটি কর্মসূচি চলছিল। সেখানে বক্তব্যের মাঝে মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ নিজাম অভিযুক্ত শিক্ষক ইব্রাহিমের বিচারের দাবিতে সড়ক অবরোধের ঘোষণা দেন। তাঁর ঘোষণার কিছুক্ষণের মধ্যে পরিবহন শ্রমিকেরা ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড, নারায়ণগঞ্জ-আদমজী-ডেমরা ও ঢাকা-পাগলা-নারায়ণগঞ্জ সড়ক অবরোধ করেন। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে সড়কে যান চলাচল শুরু হয়।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মালেক বলেন, স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে অভিযুক্ত শিক্ষকের বিচারের দাবিতে পরিবহন মালিক ও শ্রমিকেরা এলোপাতাড়ি যান ফেলে রেখে সড়ক অবরোধ করেন। পরে পুলিশ গিয়ে ওই শিক্ষকের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করলে তাঁরা অবরোধ তুলে নেন।
এর আগে ১৩ মে বন্দর উপজেলার পিয়ার সাত্তার লতিফ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে স্থানীয় সাংসদের উপস্থিতিতে মারধর ও কানে ধরে ওঠবস করানো হয়।