নারায়ণগঞ্জে শিশু ধর্ষণের শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ১১ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় পুলিশ গতকাল মঙ্গলবার বিকেলে শিশুটির বোনের বাড়িওয়ালাসহ দুজনকে আটক করেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে ওই শিশু তার বড় বোনের ভাড়া বাড়িতে বেড়াতে আসে। ১১ মে একই বাড়ির আরেক ভাড়াটে (৩০) শিশুটিকে একা পেয়ে ধর্ষণ করেন। এ দৃশ্য তিনি মুঠোফোনে ধারণ করে রাখেন। পরে ওই ভিডিওচিত্র ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে শিশুটিকে আরও কয়েক দফা তিনি ধর্ষণ করেন। একপর্যায়ে শিশুটি তার বোনকে ঘটনা জানায়। পরে বোন বাড়িওয়ালাকে (৩২) জানালে তিনি এর প্রতিকারের আশ্বাস দেন। কিন্তু গত রোববার বাড়িওয়ালা ওই শিশুকে ধর্ষণ করেন। এরপর শিশুটি ফতুল্লার মামুদপুরে এক আত্মীয়ের বাসায় চলে যায়। গতকাল আবারও সে মিজমিজির বোনের বাসায় আসে। ওই ভাড়াটে শিশুটিকে ধর্ষণের উদ্দেশ্যে ঘরে ঢোকেন। তখন কৌশলে শিশুর বোন বাইরে থেকে ঘরের দরজা আটকে দেন। কিন্তু ভাড়াটের স্ত্রী তাঁর স্বামীকে দরজা ভেঙে পালিয়ে যেতে সহযোগিতা করেন। এ ঘটনায় পুলিশ গতকাল বিকেলে বাড়িওয়ালা ও ওই ভাড়াটের স্ত্রীকে আটক করে থানায় নিয়ে যায়।