নারায়ণগঞ্জে শিশু হত্যার ঘটনায় গ্রেপ্তার ১
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় পায়ুপথে বাতাস ঢুকিয়ে তুলা কারখানার শিশু শ্রমিক হত্যার ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ওই ঘটনায় গতকাল রোববার দিবাগত রাতে শিশুটির বাবা হত্যা মামলা করার পর পুলিশ ওই তুলা কারখানার ব্যবস্থাপক নাজমুল হুদাকে গ্রেপ্তার করেছে।
গতকাল দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার যাত্রামুড়া এলাকায় অবস্থিত জোবেদা টেক্সটাইল মিলস ফ্যাক্টরিতে সাগর বর্মণ নামের ১০ বছর বয়সী ওই শিশু শ্রমিককে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যা করা হয়। নিহত শিশুটির বাবা রতন বর্মণও একই কারাখানার শ্রমিক। সন্তান হত্যার ঘটনায় তিনি ওই কারখানার চার কর্মকর্তার নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে মামলা করেন।
আসামিরা হলেন কারখানার ব্যবস্থাপক (প্রশাসন) নাজমুল হুদা (২৪), ব্যবস্থাপক (উৎপাদন) হারুন অর রশিদ (৪৮), জ্যেষ্ঠ উৎপাদন কর্মকর্তা আজহার ইমাম ওরফে সোহেল (৩৬) ও সহকারী উৎপাদন ব্যবস্থাপক রাশেদুল ইসলাম (৪০)।
মামলার তদন্ত কর্মকর্তা রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. জসিম উদ্দিন জানান, মামলার আসামিদের মধ্যে নাজমুল হুদাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি জানান, এজাহারে উল্লেখ করা হয়েছে, রূপগঞ্জের যাত্রামুড়ায় অবস্থিত জোবেদা টেক্সটাইলস মিলস লিমিটেডে মামলার বাদী রতন বর্মণ ও তাঁর ছেলে সাগর বর্মণ কাজ করতেন। কারখানার কর্মকর্তা-কর্মচারীরা বিভিন্ন সময় কাজে ত্রুটি-বিচ্যুতি হলে তাঁদের মারধর করতেন। এসব ঘটনার প্রতিবাদ করত তাঁর ছেলে সাগর বর্মণ। এই ঘটনায় ক্ষোভ থেকেই সবার যোগসাজশে তাঁর ছেলেকে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যা করা হয়েছে।
তদন্ত কর্মকর্তা জানান, এ ঘটনায় গ্রেপ্তার হওয়া নাজমুল হুদাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।