নারায়ণগঞ্জে শিশু ১০ ঘণ্টা জিম্মি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলার পাগলা শাহী বাজার এলাকায় ধারালো অস্ত্রের মুখে একটি শিশুকে ১০ ঘণ্টা জিম্মি করে রাখেন এক নারী। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে শিশুটিকে উদ্ধার এবং ওই নারীকে আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদের পর পুলিশ বলছে, ওই নারী মানসিক ভারসাম্যহীন।

জিম্মি হওয়া শিশুটির নাম রূপন্তী (৯)। সে স্থানীয় শাহী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী। আটক নারীর নাম সুরাইয়া বেগম (৩০)। তিনি শরীয়তপুরের নড়িয়া উপজেলার মুলফতগঞ্জ গ্রামের হাবিবুর রহমানের মেয়ে।

রূপন্তীর দাদি লিলি বেগম সাংবাদিকদের জানান, গত সোমবার দিবাগত রাত একটার দিকে পাগলা শাহী বাজারের আমতলা এলাকায় সুরাইয়া বিপদে পড়েছেন বলে কান্নাকাটি করছিলেন। টহল পুলিশের একটি দল ঘটনাস্থলে গেলে সুরাইয়া তাঁকে রিকশায় তুলে দিতে বলেন। একপর্যায়ে তিনি ‘এত রাতে কোথায় যাব’ বলে কান্নাকাটি করতে থাকেন। তখন পুলিশ বাজারের চা-দোকানি আবদুল হক ব্যাপারীকে (লিলির স্বামী) তাঁর বাসায় সুরাইয়াকে রাতটুকু আশ্রয় দেওয়ার অনুরোধ করে। আবদুল হক তাঁকে বাসায় নিয়ে যান।

রাত দুইটার দিকে লিলি বেগম পানি আনতে ঘর থেকে বের হলে সুরাইয়া ঘরের দরজা ভেতর থেকে আটকে দেন। ঘরের ভেতরে ঘুমিয়ে ছিল রূপন্তী। আশপাশের লোকজন সুরাইয়াকে দরজা খোলার অনুরোধ করলেও তিনি সারা রাত তা খোলেননি। ভোরবেলা তিনি রূপন্তীর গলায় বঁটি ধরে তাকে মেরে ফেলার হুমকি দেন। একপর্যায়ে পুলিশ গিয়ে অনুরোধ করলেও সুরাইয়া দরজা খোলেননি। তখন পুলিশ কৌশল অবলম্বন করে। তারা একথা-ওকথা বলে সুরাইয়াকে ব্যস্ত রাখে। পাশাপাশি একজন গ্রিলমিস্ত্রি ডেকে এনে দরজা কেটে সুরাইয়াকে আটক ও রূপন্তীকে অক্ষত অবস্থায় উদ্ধার করে।

ফতুল্লা মডেল থানার এসআই গোলাম মোস্তফা বলেন, ওই নারীকে স্বাভাবিক মনে হয়েছিল। এ কারণেই তাঁকে চা-দোকানি আবদুল হকের বাড়িতে রাতে থাকতে দেওয়ার অনুরোধ করেছিলেন।

ফতুল্লা থানার ওসি  কামাল উদ্দিন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মনে হয়েছিল, সুরাইয়া মানসিক ভারসাম্যহীন। পরে তাঁর বাবার সঙ্গে টেলিফোনে কথা বলে জানা যায়, সুরাইয়া ওষুধ খেলে ভালো থাকেন, না খেলে অসংলগ্ন আচরণ করেন।