নারায়ণগঞ্জে শিশুর লাশ উদ্ধারের ঘটনায় মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ শহরে বাসা থেকে নিখোঁজের দুই ঘণ্টা পর ছয় বছরের শিশু প্রণব বসুর লাশ উদ্ধারের ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে। গতকাল শুক্রবার রাতে প্রণবের বাবা রাম বসু বাদী হয়ে মামলাটি করেন।

গতকাল শুক্রবার বিকেলে শহরের চর সৈয়দপুর কড়ইতলী এলাকায় লাশটি পাওয়া যায়। প্রণব সৈয়দপুরের বঙ্গবন্ধু উচ্চবিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র ছিল।

শিশুটির বাবা রাম বসু সাংবাদিকদের বলেন, গত বৃহস্পতিবার রাতে তাঁরা গ্রামের বাড়ি কুমিল্লা থেকে নারায়ণগঞ্জে ফেরেন। গতকাল বেলা তিনটায় প্রণব বাসা থেকে বের হয়। দুই ঘণ্টা পরও ফিরে না আসায় বিকেল পাঁচটার দিকে পরিবারের সদস্যরা প্রণবকে খুঁজতে বের হন। স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে তাঁরা বঙ্গবন্ধু উচ্চবিদ্যালয়ের পেছনের দিকে একটি পরিত্যক্ত জায়গায় প্রণবের মৃতদেহ পড়ে থাকতে দেখেন।

নিহত প্রণবের পরিবার জানায়, প্রণবের নাকেমুখে রক্তের দাগ ছিল। তাদের ধারণা, তাকে হত্যা করা হয়েছে। তবে কোনো সুনির্দিষ্ট অভিযোগ তাঁরা করতে পারেননি।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. মোখলেছুর রহমান জানান, রাম বসু জানিয়েছেন তাঁর ছেলে চঞ্চল প্রকৃতির ছিল। সে প্রায়ই বাসা থেকে বের হয়ে দুই-তিন ঘণ্টা বাইরে থাকত। অনেক সময়ে সে খেলতে গিয়ে ব্যথাও পেয়েছে। তবুও আমরা লাশের ময়নাতদন্ত করেছি। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি নিছক দুর্ঘটনা না কি হত্যাকাণ্ড, সে বিষয়টি গুরুত্ব দেওয়া হচ্ছে তদন্তে।