নারায়ণগঞ্জে শোভাযাত্রায় ছাত্রদল-শিবির সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রায় ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। এ সময় একটি ব্যাংক কার্যালয়ের সামনের কাচ ও দুটি প্রাইভেট কার ভাঙচুর করা হয়। গতকাল শনিবার বিকেলে শহরের গলাচিপা মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহরের ডিআইটি বাণিজ্যিক এলাকায় অবস্থিত দলের জেলা কার্যালয়ের সামনের সড়কে সমাবেশের আয়োজন করে বিএনপি। এতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি তৈমুর আলম খন্দকার। প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ। সমাবেশ শেষে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি গলাচিপা মোড়ের সামনে পৌঁছালে শিবিরের সঙ্গে ছাত্রদলের নেতাদের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে জেলা ছাত্রদলের আহ্বায়ক মাসুকুল ইসলামসহ কমপক্ষে ১০ জন আহত হন। তাঁদের মধ্যে ধ্রুব নামের এক ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সংঘর্ষের সময় দুটি প্রাইভেট কার ও ট্রাস্ট ব্যাংকের স্থানীয় কার্যালয়ের সামনের কাচ ভাঙচুর করা হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের বলেন, ব্যানার ধরা নিয়ে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষ হয়েছে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত কেউ কোনো মামলা করেনি।