নারায়ণগঞ্জে শ্রমিক খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় মমিনুল হক (২৬) নামের স্ক্রিন প্রিন্টিং কারখানার এক শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার পুলিশ কল্যাণদী পিয়ার সাত্তার লতিফ উচ্চবিদ্যালয়ের মাঠ থেকে তাঁর লাশ উদ্ধার করে। মমিনুল সোনারগাঁ উপজেলার নবীনগর এলাকার মোতালেব হোসেনের ছেলে।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন, সকালে ওই বিদ্যালয়ের মাঠে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। মমিনুলের বুকের একপাশে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।
মমিনুল নারায়ণগঞ্জ নগরের রিভারভিউ কমপ্লেক্সে স্ক্রিন প্রিন্টিংয়ের একটি কারখানায় কাজ করতেন। গত বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টায় কাজ শেষে তিনি বাড়ি ফিরছিলেন। ধারণা করা হচ্ছে, পথে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে তাঁর মৃত্যু হয়েছে।