নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নে গণসংযোগকালে দুই চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় আহত একজন গতকাল মঙ্গলবার মারা গেছেন। আর বান্দরবানের রুমা উপজেলার পাইন্দু ইউনিয়ন পরিষদের (ইউপি) নিখোঁজ এক সদস্য পদপ্রার্থীর লাশ গতকাল দুপুরে জেলা শহরের একটি আবাসিক হোটেল থেকে উদ্ধার করা হয়েছে। এ ছাড়া তিন জেলায় নির্বাচনী সংঘর্ষে আহত হয়েছেন কমপক্ষে ৪০ জন।
ঢাকার বাইরের প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো খবর:
নারায়ণগঞ্জ: রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নে নির্বাচনী গণসংযোগের সময় আওয়ামী লীগের মনোনীত প্রার্থী তোফায়েল আহমেদ আলমাছ ও দলের বিদ্রোহী প্রার্থী আবদুল জাব্বারের সমর্থকদের মধ্যে সোমবার রাত নয়টার দিকে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের
ঘটনা ঘটে। এতে কমপক্ষে ১৫ জন আহত হন।
আহতদের মধ্যে জাহাঙ্গীর আলমের অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকালে তিনি মারা যান।
জাহাঙ্গীর উপজেলার মঙ্গলখালী এলাকার বাসিন্দা এবং আওয়ামী লীগের প্রার্থী তোফায়েল আহমেদের সমর্থক। আহত মাসুদ মিয়ার অবস্থাও আশঙ্কাজনক। তিনি ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন।
রূপগঞ্জ থানার ওসি (তদন্ত) এ বি এম মেহেদী মাসুদ জানান, হত্যার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
বান্দরবান: রুমার পাইন্দু ইউনিয়নের সদস্য পদপ্রার্থী মংনু মারমা (৩৫) গত রোববার জেলা শহরে নির্বাচনী পোস্টার নিতে আসার পর থেকে নিখোঁজ ছিলেন। গতকাল দুপুরে জেলা শহরের একটি আবাসিক হোটেল থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়েছে।
পুলিশ ও আবাসিক হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে, জেলা শহরের মধ্যমপাড়ার হোটেল প্রু আবাসিকায় ১০৫ নম্বর কক্ষ থেকে গতকাল পঁচা গন্ধ বের হচ্ছিল। হোটেলের ব্যবস্থাপক জর্জি মারমা পুলিশকে বিষয়টি জানান। পরে পুলিশ এসে দরজা ভেঙে মংনু মারমার লাশ উদ্ধার করে। হোটেল কর্তৃপক্ষ জানায়, মংনু মারমা ৭ এপ্রিল সেখানে ওঠেন।
মংনু মারমার বড় ভাই মং এনু মারমা বলেন, তাঁর ছোট ভাইয়ের পোস্টার ছাপার কাজে ৭ এপ্রিল জেলা শহরে যাওয়ার ব্যাপারে পরিবারের জানা নেই। তবে গত রোববার বিকেলে রুমা থেকে জেলা শহরে নির্বাচনী পোস্টার নেওয়ার জন্য এসেছিলেন তিনি। ওই দিন রাতে ১১টা পর্যন্ত তাঁকে মুঠোফোনে পাওয়া যায়। সোমবার সকাল থেকে তাঁর মুঠোফোন বাজলেও তিনি ধরছিলেন না। মংনু কাঠের ব্যবসা করতেন এবং কারও সঙ্গে তাঁর শত্রুতা রয়েছে বলে জানা নেই।
জেলা শহরের যে ছাপাখানার দোকান থেকে পোস্টার নিতে এসেছিলেন, সেই দোকানের কর্মচারী উবাশৈ মারমা বলেন, মংনু মারমা পোস্টার নিয়ে যাননি। তাঁর পোস্টারগুলো এখনো দোকানে রয়েছে।
রুমা উপজেলা নির্বাচন কর্মকর্তা তরুণ কুমার চাকমা বলেন, পাইন্দু ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে পাঁচজন সদস্য পদপ্রার্থীর মধ্যে মংনু মারমা একজন। ২৩ এপ্রিল পাইন্দু ইউপিসহ রুমায় চার ইউপির নির্বাচন হবে।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিক উল্লাহ বলেন, মংনু মারমার লাশ বিকৃত হয়েছে। কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। ময়নাতদন্তের পরে মৃত্যুর কারণ সম্পর্কে জানা যাবে।
ব্রাহ্মণবাড়িয়া: নাসিরনগর উপজেলার পূর্বভাগ ইউনিয়নে পোস্টার লাগানোকে কেন্দ্র করে দুই ইউপি সদস্য পদপ্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে বিষ্ণু দেব (৫০) নামে এক সদস্য পদপ্রার্থীসহ ছয়জন আহত হয়েছেন। গত সোমবার রাত ১০টার দিকে উপজেলার পূর্বভাগ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কোয়রপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নাসিরনগর থানার ওসি আব্দুল কাদের বলেন, এ ঘটনায় আহত ইউপি সদস্য বিষ্ণু দেব বাদী হয়ে গতকাল সকালে থানায় একটি মামলা করেন। সংঘর্ষের ঘটনায় সোমবার রাতেই পুলিশ দুজনকে গ্রেপ্তার করে গতকাল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মুন্সিগঞ্জ: সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নে গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে আওয়ামী লীগের প্রার্থী আবদুস সাত্তার ও দলের বিদ্রোহী প্রার্থী গোলাম মোস্তফার সমর্থকদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা বলেন, গোলাম মোস্তফার নির্বাচনী প্রচারণায় সাত্তারের লোকজন বাধা দিলে সংঘর্ষের সূত্রপাত হয়।
জেলা পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার বলেন, মোস্তফার জাল তৈরির কারখানার ভেতর থেকে ছাত্রলীগের নেতাসহ চারজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। সেখানে পরিত্যক্ত অবস্থায় দুটি পিস্তল ও গুলি পাওয়া যায়। এ বিষয়ে তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থ গ্রহণ করা হবে।