
সুন্দরবনবিনাশী সব প্রকল্প বাতিলের দাবিতে গতকাল মঙ্গলবার সারা দেশে সভা-সমাবেশ করেছে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি। নারায়ণগঞ্জে সমাবেশে আন্দোলনকারী সংস্কৃতিকর্মীদের ওপর সন্ত্রাসী হামলা হয়েছে। হামলায় কবি আরিফ বুলবুলসহ চার সংস্কৃতিকর্মী আহত হন। গুরুতর অবস্থায় আরিফ বুলবুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নগরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এ ঘটনা ঘটে। হামলার প্রতিবাদে আজ বুধবার চাষাঢ়া শহীদ মিনারে প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বিকেলে বৃষ্টি উপেক্ষা করে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে সমাবেশের আয়োজন করা হয়। সংগঠনের জেলার আহ্বায়ক রফিউর রাব্বির সভাপতিত্বে সমাবেশ শেষে নগরে বিক্ষোভ মিছিল বের করা হয়। এ সময় কবি আরিফ বুলবুল, কবি আহম্মেদ বাবলু, শিল্পী অমল আকাশ ও শাহীন মাহমুদ শহীদ মিনারেই অবস্থান করছিলেন। হঠাৎ পেছন থেকে একদল সন্ত্রাসী লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে তাঁদের ওপর হামলা চালায়। তাঁদের এলোপাতাড়ি পেটানো হয়। আরিফ বুলবুল মাটিতে লুটিয়ে পড়লে সন্ত্রাসীরা রড দিয়ে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে চলে যায়। আশপাশের লোকজন গুরুতর অবস্থায় আরিফ বুলবুল, আহম্মেদ বাবলুসহ অন্যদের নগরীর খানপুর ৩০০ শয্যার হাসপাতালে নিয়ে যান।
রফিউর রাব্বি বলেন, ‘আমরা ধারণা করছি, আমাদের সংস্কৃতির যারা শত্রু এবং সুন্দরবনের যারা শত্রু, যারা রামপালের পক্ষের লোক-তারাই এই হামলাটা চালিয়েছে। আমরা চাইব, সরকার এদের দৃষ্টান্তমূলক শাস্তি দিক এবং সুশাসন ও সুবিচার নিশ্চিত করুক।’ তিনি বলেন, মানুষের জীবনের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সরকারের। কিন্তু সরকারের নিষ্ক্রিয়তার কারণে নারায়ণগঞ্জে সন্ত্রাসীরা বারবার উৎসাহিত হচ্ছে। এর অবসান হওয়া উচিত।
জাতীয় কমিটির সভা-সমাবেশ
তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কেন্দ্রীয়ভাবে গতকাল বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত সমাবেশে সভাপতির বক্তৃতায় কমিটির সদস্যসচিব অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, ইউনেসকো বৈজ্ঞানিক তথ্য-উপাত্ত দিয়ে বলেছে, এমনিতেই সুন্দরবনের সুরক্ষা নেই। এরপর রামপাল প্রকল্প হলে এটি ধ্বংস হবে। এসব তথ্য-উপাত্তের কোনো হেরফের হয়নি। বরং দেশের ও বিশ্বের বিশেষজ্ঞরা আরও নতুন তথ্য-উপাত্ত যোগ করে এটা প্রমাণ করে চলেছেন যে কয়লাভিত্তিক এই প্রকল্প অনিবার্যভাবে মানুষের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে ও সুন্দরবনকে ধ্বংস করবে।
আনু মুহাম্মদ বলেন, এবার বিশ্ব ঐতিহ্য কমিটির সভা শেষ হওয়ার আগেই সরকার বিকৃত তথ্য প্রচার করে যে উল্লাস করল তা বিস্ময়কর। তিনি অবিলম্বে এই প্রকল্প বাতিলের দাবি জানিয়ে বলেন, এটি না হলে ভবিষ্যতে আরও বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে। স্বল্প খরচে দেশের জ্বালানি সমস্যার সমাধানে বিকল্প প্রস্তাব তুলে ধরতে ২২ জুলাই ঢাকায় বিকল্প মহাপরিকল্পনা উত্থাপন করা হবে বলে জানান আনু মুহাম্মদ। ২৫ জুলাই সুন্দরবনসংলগ্ন শরণখোলা থেকে শ্যামনগর পর্যন্ত সভা, সমাবেশ ও মানববন্ধন করা হবে বলে সমাবেশ থেকে জানানো হয়। সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রুহিন হোসেন, সাইফুল হক, মো. শাহ আলম, বজলুর রশিদ ফিরোজ, জোনায়েদ সাকী প্রমুখ।