নারায়ণগঞ্জে সাংবাদিককে কুপিয়ে হত্যায় মামলা, গ্রেপ্তার আরও ২
নারায়ণগঞ্জের বন্দরে সাংবাদিককে কুপিয়ে হত্যার ঘটনায় হত্যা মামলা করা হয়েছে। নিহত সাংবাদিক ইলিয়াস হোসেনের দ্বিতীয় স্ত্রী জুলেখা বেগম বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখ করে বন্দর থানায় মামলা করেন। ঘটনায় জড়িত অভিযোগে পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। এ নিয়ে এই মামলায় পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তার দুজন হলেন বন্দর উপজেলার আদমপুর জিওধারা এলাকার মিসির আলী (৫৩) ও মো. মিনা (৬০)।
মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, রোববার রাত সাড়ে ৮টার দিকে জিওধারা বাজার থেকে তাঁর স্বামী ইলিয়াস হোসেন তাদের ভাড়া বাড়িতে ফিরছিলেন। পথে আসামিরা পূর্বশত্রুতার জের ধরে ধারালো চাকু দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাঁকে জখম করে। আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে (ভিক্টোরিয়া) নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই ঘটনায় তিনি বাদী হয়ে তুষারসহ ৮ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন।
এ বিষয়ে মদনগঞ্জ পুলিশ ফাঁড়ির পরিদর্শক আজগর হোসেন প্রথম আলোকে বলেন, এই ঘটনায় জড়িত অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে, তুষার গ্যাসের অবৈধ সংযোগ দিতেন। এ ব্যাপারে সাংবাদিক ইলিয়াসের সঙ্গে তাঁর শত্রুতা তৈরি হয়েছে। এ ব্যাপারে তদন্ত চলছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
রোববার রাতে সাংবাদিক ইলিয়াস হোসেনকে কুপিয়ে হত্যা করা হয়। রাতেই পুলিশ ধারালো চাকুসহ তুষারকে আটক করে। পরে তাঁকে নিহতের স্ত্রীর করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।