নারায়ণগঞ্জে সেলুন মালিককে পিটিয়ে হত্যা
নারায়ণগঞ্জ শহরের ইসদাইর এলাকায় এক সেলুন মালিককে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার ইসদাইরে ওসমানী স্টেডিয়ামের কাছে শেরেবাংলা ছাত্রাবাসের সামনে থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তি হলেন আবুল কাশেম (৪২)। পুলিশের দাবি, আবুল কাশেম চোর। কোথাও চুরি করতে গেলে তাঁকে পিটিয়ে হত্যা করা হতে পারে। আর নিহত ব্যক্তির ছোট বোনের দাবি, সেলুন নিয়ে বিরোধের জের ধরেই কাশেমকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
নিহত আবুল কাশেমের বোন মমতাজ বেগম বলেন, শনিবার রাত সাড়ে ১২টার দিকে শহরের মাসদাইর পুলিশ লাইন এলাকার সেলুন থেকে সিগারেট কেনার জন্য বের হন কাশেম। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। গতকাল সকাল সাড়ে আটটার দিকে শহরের ইসদাইর শেরেবাংলা ছাত্রাবাসের সামনে থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। কাশেমের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন এবং নাক দিয়ে রক্ত বের হয়ে জমাট বেঁধে ছিল।
ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।