নারায়ণগঞ্জে স্কুলছাত্রীর আত্মহত্যার ঘটনায় তদন্ত শুরু
নারায়ণগঞ্জে নবম শ্রেণির ছাত্রী উম্মে হাবিবার আত্মহত্যার ঘটনায় গঠিত কমিটি তদন্তকাজ শুরু করেছে। আজ সোমবার কমিটির সদস্যরা ওই ছাত্রীর পরিবার ও স্কুলের শিক্ষকদের সঙ্গে কথা বলে তথ্য সংগ্রহ করেন।
গত বৃহস্পতিবার স্কুলের পরীক্ষায় নকল করার অভিযোগে হাবিবাকে ভর্ৎসনার পর বহিষ্কার করেন শিক্ষক কামরুল হাসান ও নাসরিন সুলতানা। সেই অপমান সইতে না পেরে হাবিবা আত্মহত্যা করে বলে অভিযোগ ওঠে। গত শনিবার এ নিয়ে প্রথম আলোতে প্রতিবেদন প্রকাশিত হয়। পরে শিক্ষামন্ত্রী ঘটনা খতিয়ে দেখতে জেলা প্রশাসককে নির্দেশ দেন। এ ঘটনায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক ইলিয়াস হোসেনকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়।
আজ সোমবার দুপুরে তদন্ত কমিটির সদস্যরা প্রথমে শহরের নিতাইগঞ্জের ছোট ভগবানগঞ্জ এলাকায় উম্মে হাবিবার বাড়িতে যান। তাঁরা তার বাবা হাবিবুল্লাহ ও মা সেতারা বেগমের বক্তব্য নেন। পরে কমিটির সদস্যরা নগরের ডিআইটি বাণিজ্যিক এলাকায় গণবিদ্যা নিকেতন উচ্চবিদ্যালয়ে যান। সেখানে শিক্ষক কামরুল হাসান ও নাসরিন সুলতানার বক্তব্য নেন তাঁরা।
জানতে চাইলে কমিটির প্রধান ইলিয়াস হোসেন প্রথম আলোকে বলেন, তদন্তকাজ শুরু হয়েছে। খুব শিগগিরই তদন্ত প্রতিবেদন দেওয়া হবে।