নারায়ণগঞ্জে সড়ক বিভাজক ভেঙে ফেলার অভিযোগ
ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ভুইঘর এলাকায় সড়কের বিভাজক (ডিভাইডার) অবৈধভাবে ভেঙে ফেলার অভিযোগ উঠেছে স্থানীয় ভূঁইয়া সিএনজি ফিলিং স্টেশনের লোকজনের বিরুদ্ধে। সড়ক ও জনপথ বিভাগের কোনো অনুমতি ছাড়াই সড়কটির মাঝ বরাবর প্রায় ২৬ ফুট লম্বা বিভাজকটি ভেঙে ফেলা হয়েছে। এতে আর্থিক ক্ষতিসহ সড়কটি অপরিকল্পিতভাবে ব্যবহারের সুযোগ সৃষ্টি হওয়ায় দুর্ঘটনার আশঙ্কা বাড়বে।
সড়ক ও জনপথের দায়িত্বপ্রাপ্ত এক প্রকৌশলীর সঙ্গে আঁতাত করে এ কাজ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তবে এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে থানায় কোনো অভিযোগ দেওয়া হয়নি।
স্থানীয় সাংবাদিকেরা সড়ক বিভাজক ভাঙার কারণ জানতে চাইলে ফিলিং স্টেশনের লোকজন জানান, সড়ক ও জনপথের উপসহকারী প্রকৌশলী ইমাম হাসান মজুমদারের অনুমতিতে এটি ভাঙা হচ্ছে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, সড়ক বিভাজক ভাঙার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। তাঁরা সড়ক বিভাজক ভাঙার কোনো অনুমতি দেখাতে পারেননি।
নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের উপসহকারী প্রকৌশলী ইমাম হাসান মজুমদার বলেন, তিন মাস আগে ওই ফিলিং স্টেশন কর্তৃপক্ষ সড়ক বিভাজক ভাঙার অনুমতি চেয়ে আবেদন করেছিল। তবে সে আবেদন অনুমোদন পায়নি। তার বিরুদ্ধে আর্থিক সুবিধা গ্রহণের অভিযোগ অস্বীকার করেন তিনি। নারায়ণগঞ্জ সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী রোশনি-ই- ফাতিমা বলেন, সড়ক বিভাজক ভাঙার কোনো অনুমতি দেওয়া হয়নি। আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রকৌশলীকে নির্দেশ দেওয়া হয়েছে।