নারায়ণগঞ্জে হোসিয়ারি শ্রমিক খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ শহরে সহকর্মীর মারধরে একজন হোসিয়ারি শ্রমিক নিহত হয়েছেন। শহরের করিম মার্কেট এলাকায় অবস্থিত একটি কারখানায় গতকাল সোমবার এ ঘটনা ঘটে।
নিহত শ্রমিকের নাম শরীফ হোসেন (২০)। শরীফের বাড়ি মুন্সিগঞ্জের সিরাজদীখানে। পুলিশ ঘটনাস্থল থেকে মূল অভিযুক্ত জামানসহ প্রতিষ্ঠানটির পাঁচ শ্রমিককে আটক করেছে।
শ্রমিক জামান জানান, দুপুরে কাজ করার সময় শরীফ উচ্চ আওয়াজে গান শুনছিলেন। ওই সময় তিনি শরীফকে গান বন্ধ করতে বলেন। কিন্তু শরীফ তা না করে তাঁর সঙ্গে তর্ক করতে থাকেন। একপর্যায়ে উভয়ে হাতাহাতিতে জড়িয়ে পড়েন। ওই সময় অন্য শ্রমিকেরা ঘটনা দেখলেও কেউ তাঁদের থামাতে আসেননি। একপর্যায়ে শরীফ তাঁকে নিচে ফেলে মারধর করতে থাকেন। ওই সময় তিনি নিজেকে বাঁচাতে শরীফের গলা বরাবর ঘুষি মারেন। এ সময় শরীফ ঢলে পড়েন। পরে কারাখানার অন্য শ্রমিকেরা শরীফকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
আটক অন্য শ্রমিকেরা হলেন আলতাফ, রাকিব, সোহাগ ও মিজানুর। প্রতিষ্ঠানটিতে ১২ জন শ্রমিক কাজ করেন বলে জানা গেছে।
সদর মডেল থানার এসআই আনোয়ার বলেন, জিজ্ঞাসাবাদের জন্য পাঁচজনকে আটক করা হয়েছে।