নারায়ণগঞ্জে ২ জেএমবি সদস্য গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ মহানগরীর সিদ্ধিরগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে র‌্যাব-১১-এর সদস্যরা নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছেন। গতকাল সোমবার রাত থেকে আজ মঙ্গলবার ভোর পর্যন্ত র‌্যাব-১১-এর সদস্যরা অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করেন।
গ্রেপ্তার জেএমবির সদস্যরা হলেন কুমিল্লার তিতাস এলাকার আবদুর রহমান ওরফে সোহেল (২৫) ও কুমিল্লার দাউদকান্দির ফয়সাল আহেমদ (৪৪)। এঁরা নিহত জঙ্গি সারোয়ার-তামিম গ্রুপের সক্রিয় সদস্য। আজ আজ দুপুরে র‌্যাব-১১-এর অতিরিক্ত পুলিশ সুপার শাকিল আহমেদের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়।
র‌্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আবদুর রহমান ও ফয়সাল স্বীকার করেন যে তাঁরা ৬-৭ এপ্রিল কুমিল্লা ও নারায়ণগঞ্জ এলাকা থেকে গ্রেপ্তার জেএমবি সদস্য এবং তাঁদের পরিকল্পিত নাশকতার কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তাঁরাও ওই সংগঠনের দাওয়াতি কার্যক্রম পরিচালনা করতেন। এ ছাড়া ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ও ইন্টারনেট ব্যবহার করে তাঁদের এমএলএম কোম্পানির সদস্যদের কাছে জঙ্গিবাদী মতবাদ প্রচার করে আসছিলেন।
র‌্যাব আরও জানায়, ৬-৭ এপ্রিল র‌্যাবের অভিযানে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড ও কুমিল্লা গৌরীপুর থেকে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির (নিহত সারোয়ার-তামিম গ্রুপের) আট সদস্যকে বিস্ফোরক ও বোমা তৈরির সরঞ্জামাদিসহ গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাঁদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করা হয়। আসামিদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে তাঁরা জানান, গ্রেপ্তার জঙ্গিদের মধ্যে জামাল ওরফে রাসেল জিহাদি জেএমবির গ্রেপ্তার আট সদস্যের গ্রুপের প্রধান সমন্বয়ক হিসেবে কাজ করছিলেন। তাঁদের আরও জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। এ তথ্যের ভিত্তিতেই র‌্যাব-১১-এর সদস্যরা অভিযান চালিয়ে তাঁদের দুজনকে গ্রেপ্তার করেন।