নারায়ণগঞ্জে 'পায়ুপথে বাতাস ঢুকিয়ে কিশোর হত্যা'
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কমপ্রেসর যন্ত্র দিয়ে পায়ুপথে বাতাস ঢুকিয়ে ইয়ামিন (১৩) নামের এক কিশোরকে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার রাত সাড়ে ১২টার দিকে নারায়ণগঞ্জ থেকে ওই কিশোরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর তার মৃত্যু হয়।
ইয়ামিন সোনারগাঁয়ের মহেষটেকের বি আর স্পিনিং মিলের ওয়ার্কশপের শ্রমিক। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে কারখানা কর্তৃপক্ষ রায়হান নামের আরেক কিশোর কর্মীকে আটক করেছে।
ইয়ামিনকে ঢাকা মেডিকেলে আনা বি আর স্পিনিং মিলের কর্মী বিজয় কুমার প্রথম আলোকে বলেন, রাত ১০টার দিকে ইয়ামিন বি আর স্পিনিং মিলের ওয়ার্কশপে কাজ করছিল। সেখানে আরেক সহকর্মী রায়হান কমপ্রেসর তার পায়ুপথে চেপে ধরে। এতে ইয়ামিন চিৎকার করলে আশপাশের কর্মীরা এগিয়ে এসে দেখেন, সে মেঝেতে পড়ে চিৎকার করছে। তার পেট ফুলে উঠেছে। পরে দ্রুত ইয়ামিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। রাত সাড়ে ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিজয় কুমার জানান, ইয়ামিনের বিস্তারিত পরিচয় তিনি জানেন না।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পের দায়িত্বে থাকা এসআই বাচ্চু মিয়া কিশোর ইয়ামিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, কমপ্রেসর যন্ত্র দিয়ে পায়ুপথে বাতাস ঢুকিয়ে শিশুটিকে হত্যা করা হয়েছে।
দেশে সাম্প্রতিক সময়ে এভাবে শিশুসহ কয়েকজনকে হত্যা বা হত্যার চেষ্টা করা হয়েছে। গত ২৮ আগস্ট মোহাম্মদপুরের একটি ওয়ার্কশপে আরন নামের এক শিশু শ্রমিককে এভাবে হত্যার চেষ্টা করে তার সহকর্মী দুই কিশোর। ২৫ জুলাই নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাগর বর্মণ নামের এক শিশু শ্রমিককে হত্যা করা হয়। ২৪ আগস্ট রাজধানীর ভাটারার আক্তার ফার্নিচার কারখানার শ্রমিক ঠিকাদার আতিয়ার রহমানকে একইভাবে হত্যার চেষ্টা করেন তাঁর এক সহকর্মী। গত ৯ মে আশুলিয়ায় একটি পোশাক কারখানার সাহাবুদ্দিন ফরহাদ নামের এক শ্রমিককে হত্যার চেষ্টা করা হয়। এর আগে গত বছরের ৩ আগস্ট খুলনায় এক মোটরসাইকেলের গ্যারেজে একইভাবে রাকিব নামে শিশু শ্রমিককে হত্যা করা হলে দেশজুড়ে নিন্দার ঝড় ওঠে।