নারায়ণগঞ্জে 'বন্দুকযুদ্ধে' দুজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলায় জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যদের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মোক্তার হোসেন (৪২) ও মানিক (৪০) নামে দুই ব্যক্তি নিহত হয়েছেন। উপজেলার পাগলার শাহীবাজার এলাকায় গতকাল বুধবার সন্ধ্যা সাতটার দিকে এ ঘটনা ঘটে। কথিত বন্দুকযুদ্ধে ডিবির এক সদস্যও গুলিবিদ্ধ হয়েছেন বলে জানানো হয়েছে।
নিহত মোক্তার ও মানিকের বাড়ি পাগলার শাহীবাজারের নিশ্চিন্তপুরে। পুলিশের ভাষ্য, মোক্তার পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। তিনি ‘কিলার মোক্তার’ নামেও পরিচিত। তাঁর বিরুদ্ধে হত্যা, ডাকাতিসহ তিনটি মামলা রয়েছে। আর মানিক মোক্তারের দেহরক্ষী। তাঁর বিরুদ্ধেও তিনটি মামলা রয়েছে। নিহত দুজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ১০০ শয্যার জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ফতুল্লা মডেল থানার ওসি কামাল উদ্দিন বলেন, শাহীবাজার এলাকায় মোক্তার ও মানিকসহ কয়েকজন সন্ত্রাসী অবস্থান করছে—গোপন সূত্রে এ খবর পেয়ে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল সেখানে অভিযানে যায়। ডিবির উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা তাঁদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় ডিবি পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুল আজিজ পায়ে গুলিবিদ্ধ হন। ওসি বলেন, আত্মরক্ষার্থে ডিবি পুলিশের সদস্যরাও তখন গুলি চালান এবং সন্ত্রাসীদের ধাওয়া করেন। এতে মোক্তার ও মানিক নিহত হন। ঘটনাস্থল থেকে পুলিশ একটি পিস্তল, একটি রিভলবার, আটটি গুলি, একটি চাপাতি ও একটি ছোরা উদ্ধার করেছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। আহত এএসআই আজিজকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ফতুল্লা পুলিশ বলেছে, নিশ্চিন্তপুর এলাকায় গত বছরের ২১ অক্টোবর সকালে বিল্লাল নামে এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় বিল্লালের মা শাহিদা বেগম মোক্তার ও মানিকসহ ১৩ জনের নাম উল্লেখ করে মামলা করেছিলেন।