নারায়ণগঞ্জের আমলাপাড়ায় মসজিদে হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের আমলাপাড়ার একটি মসজিদে গত রোববার রাত ১২টার দিকে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় মসজিদ কমিটির কোষাধ্যক্ষ গোলাম হোসেন বাদী হয়ে সদর মডেল থানায় গতকাল সোমবার সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জিডিতে বলা হয়, আমলাপাড়ায় অবস্থিত আবু বকর সিদ্দিক (রা.) জামে মসজিদের নিচতলায় থাই অ্যালুমিনিয়ামের দুটি দরজার কাচ অজ্ঞাতনামা তিন দুর্বৃত্ত তিনটি ইট দিয়ে ভাঙচুর করে চলে যান। তাঁদের বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫। কথাবার্তা ও আচরণে তাঁদের অসংলগ্ন ও নেশাগ্রস্ত মনে হয়েছে।
ঘটনার সময় মসজিদের দোতলায় ঘুমিয়ে থাকা খাদেম মো. ইয়াসিন এ ব্যাপারে বলেন, রাত ১২টার দিকে প্রচণ্ড আওয়াজে তাঁর ঘুম ভেঙে যায়। দ্রুত নিচে নেমে দেখেন তিনজন লোক পালিয়ে যাচ্ছেন। তাঁদের চেনা যায়নি।
ঘটনাস্থল পরিদর্শন করে সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবদুর রাজ্জাক বলেন, ‘এটি ইচ্ছাকৃতভাবে ঘটানো হয়েছে। আমরা ঘটনা তদন্ত করে ব্যবস্থা নিচ্ছি।’