নারায়ণগঞ্জের একটি ওয়ার্ডে ১৪টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ডে ১৪টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার সকালে নগরীর আমলাপাড়া দরগাহবাড়ি এলাকায় সিটি মেয়র সেলিনা হায়াৎ আইভী ১ কোটি ১০ লাখ টাকা ব্যয়ে এসব প্রকল্পের উদ্বোধন করেন।
উদ্বোধনকালে মেয়র আইভী বলেন, ‘উন্নয়নের পাশাপাশি নারায়ণগঞ্জের যেখানে অন্যায়-অত্যাচার হবে, তার বিরুদ্ধে আমি কথা বলবই। কারও ভয়ে আমি থেমে যাব না।’ তিনি বলেন, ‘বহু মানুষ ভয়ে অন্যায় ও সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলতে সাহস পায় না। কিন্তু আমি তাদেরই একজন হয়ে অন্যায়ের বিরুদ্ধে কথা বলব।’ যাঁর যাঁর অবস্থানে থেকে মানুষের সেবা করার জন্য রাজনীতিবিদদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, মানুষের সেবা না করে যাঁরা নিজেদের স্বার্থের কথা ভাবেন, তাঁরা রাজনীতির নামে মানুষকে ব্যবহার করেন। এ ধরনের অপরাজনীতি পরিহার করতে হবে।
নগরীর আমলাপাড়া, মাসদাইর, গলাচিপা, জামতলা, আল্লামা ইকবাল রোড, নবাব সিরাজউদ্দৌলা রোড ও নবাব সলিমুল্লাহ রোডে সংস্কার, ড্রেন নির্মাণসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করা হবে। ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ লঞ্চ মালিক সমিতির সহসভাপতি বদিউজ্জামান বাদল, কালীর বাজার বণিক সমিতির সভাপতি রহমত উল্লাহ ফারুক প্রমুখ উপস্থিত ছিলেন।