নারায়ণগঞ্জের তারাবে ভোট জালিয়াতির অভিযোগ
নারায়ণগঞ্জের তারাব পৌরসভা নির্বাচনে কারচুপি, জাল ভোট, ভোটারদের ব্যালট পেপার ছিনিয়ে নেওয়ার অভিযোগের মধ্য দিয়ে ভোট নেওয়া চলছে। ভোটকেন্দ্রগুলোতে আওয়ামী লীগের মেয়রপ্রার্থীর সমর্থকেরা তৎপর ছিলেন বলে অভিযোগ পাওয়া গেছে।
আজ বুধবার সকাল সাড়ে আটটার দিকে রূপগঞ্জের তারাব পৌর এলাকার রূপসী নিউ মডেল উচ্চবিদ্যালয় কেন্দ্রে পুরুষদের ভোট কেন্দ্রে নৌকা প্রতীকের ব্যাজ ঝোলানো সালাউদ্দিন বাবুকে পোলিং অফিসারের পাশে দাঁড়িয়ে ভোটারদের হাত থেকে ব্যালট পেপার নিয়ে নৌকা প্রতীকে সিল মারতে দেখা যায়। এই কেন্দ্রেÿ ৭৮ বছর বয়সী ভোটার তরনী চন্দ্র দাসের হাত থেকেও ব্যালট পেপার নিয়ে নৌকা প্রতীকে সিল মেরে দেন সালাউদ্দিন বাবু। প্রথম আলোসহ গণমাধ্যমের কর্মীদের সামনেই এ ঘটনা ঘটে।
সালাউদ্দিন বাবু নিজেকে এলাকাবাসী দাবি করে বলেন, তিনি কয়েকজন ভোটারকে ভোট দিতে সহায়তা করেছেন। একই কেন্দ্রের ভোটার কাউছার হোসেন ভোট দিতে গিয়ে শুধুমাত্র কাউন্সিলর প্রার্থীর ব্যালট পেয়েছেন। তাঁকে মেয়র প্রার্থীর কোনো ব্যালট দেওয়া হয়নি বলে অভিযোগ করেন। এই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা সোলায়মান হোসেনকে ব্যাপারটি জানালে তিনি বলেন, এমন ঘটনা হওয়ার কথা নয়। যেহেতু অভিযোগ উঠেছে তিনি নিজে গিয়ে তাঁকে সাবধান করেছেন। ওই ভোটকেন্দ্রটি স্থানীয় আওয়ামী লীগ দলের সাংসদ গাজী গোলাম দস্তগীরের (বীরপ্রতীক) বাড়ির পাশেই।
সকাল সোয়া নয়টার দিকে কান্দাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কেন্দ্রে উটপাখি প্রতীকের কাউন্সিলর প্রার্থীর পোলিং এজেন্ট মুক্তা আক্তার নৌকা প্রতীকে ব্যালট পেপারে সিল মেরে ব্যালট বাক্সে ঢোকান। এ সময় বিএনপির মেয়রপ্রার্থী নাসিরউদ্দিন আহমেদ বিষয়টি দেখতে পেয়ে প্রিসাইডিং কর্মকর্তাকে জানান। এ সময় মুক্তা আক্তার সাংবাদিকদের বলেন, প্রথমে তিনি নিজের ভোট দিয়েছেন। এরপর একজন ভোটার ভোট দিতে সহায়তা চাইলে তিনি তাঁকে সহায়তা করেছেন। প্রিসাইডিং কর্মকর্তা আরজু মিয়াও একই কথা বলেন।
বিএনপির বিদ্রোহী প্রার্থী বর্তমান মেয়র শফিকুল ইসলাম চৌধুরী বলেন, রূপসী নিউ মডেল স্কুলে নৌকা প্রতীকের এজেন্ট নিজে মেয়রদের ভোটারদের কাছ থেকে ব্যালট পেপার ছিনিয়ে নৌকা প্রতীকে সিল মারছেন। প্রতিটি কেন্দ্রেই মেয়র প্রার্থীর প্রতীকে তাঁদের এজেন্টরা সিল মেরে বাক্স ভরছে এবং আর কাউন্সিলরদের ছেড়ে দেওয়া হচ্ছে। আমি এর তীব্র নিন্দা জানিয়ে বলেন, এই অবস্থা চলতে থাকলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে, গণতন্ত্র প্রশ্নবিদ্ধ হবে।
আরেকদিকে বিএনপির মেয়রপ্রার্থী মো. নাসির উদ্দিন আহম্মেদ বলেন, কান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাল ভোট দেওয়ার সময় হাতেনাতে দুজনকে আটক করা হয়েছে। মাসাবো সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাল ভোট দেওয়ার সময় একজনকে হাতেনাতে আটক করা হয়েছে। এভাবে প্রতিটি ভোটকেন্দ্রে কিছু প্রিসাইডিং কর্মকর্তা ও এজেন্ট দিয়ে জাল ভোট দেওয়ানো হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।
তবে এই অভিযোগ অস্বীকার করে আওয়ামী লীগের মেয়রপ্রার্থী হাসিনা গাজী বলেন, নির্বাচন অবাধ ও সুষ্ঠু হচ্ছে। উৎসবমুখর পরিবেশে সাধারণ ভোটাররা ভোট দিতে ভোটকেন্দ্রে আসছেন। বিএনপি দলীয় প্রার্থী ও বিদ্রোহী প্রার্থীর অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘তাঁদের সব সময় আমাদের প্রতি একটা অভিযোগ থাকেই। তাঁরা বরাবর অভিযোগ করে আসছেন, আমরা নাকি সকাল আটটার আগেই সিল মারতেছি, অথচ তখনো ভোটকেন্দ্রের দরজা খোলেনি। তাঁদের দু’জনের মধ্যে দ্বন্দ্ব কে সেকেন্ড আর কে থার্ড হবে। তাদের দু’জনের দ্বন্দ্বই আমাদের নির্বাচন গুছিয়ে দিচ্ছে।’
রিটার্নিং কর্মকর্তা ও রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. লোকমান হোসেন বলেন, অবাধ ও সুষ্ঠুভাবে ভোট নেওয়া চলছে। কোথাও কোনো গোলযোগ বা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। মাসাবো সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাল ভোট দেওয়ার অভিযোগে একজনকে আটক করা হয়েছে।