যশোরের চৌগাছা উপজেলায় মাদক মামলার আসামিকে ছিনিয়ে নেওয়ার অভিযোগে নারী ইউপি সদস্যসহ পাঁচ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার মুকুন্দপুর গ্রাম থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। তবে মাদক মামলার ওই আসামি পলাতক রয়েছেন।
পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া আসামির নাম মো. লিটন (৪০)। তাঁর বাড়ি মুকুন্দপুর গ্রামে। গ্রেপ্তার নারী ইউপি সদস্য হলেন নার্গিস পারভীন। অন্য চারজন হলেন নিছার আলী, শাহানারা বেগম, আমিরুল ইসলাম ও বিপুল হোসেন। তাঁদের সবার বাড়ি মুকুন্দপুর গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চৌগাছা থানা-পুলিশ মঙ্গলবার বেলা একটার দিকে মুকুন্দপুর গ্রামের নিজ বাড়ি থেকে পরোয়ানাভুক্ত মাদক ব্যবসায়ী মো. লিটনকে গ্রেপ্তার করে। লিটনকে হাতকড়া পরানোর পরপরই ধুলিয়ানি ইউনিয়ন পরিষদের (ইউপি) সংরক্ষিত ওয়ার্ডের নারী সদস্য নার্গিস পারভীনসহ কয়েকজন পুলিশের ওপর হামলা করে তাঁকে ছিনিয়ে নেন। তাঁরা দুই পুলিশ কর্মকর্তাকে একটি ঘরের ভেতর আটকে রাখেন। এ ঘটনার পর যশোর ‘ক’ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) এস এম নাঈমুর রহমানের নেতৃত্বে চৌগাছা থানা-পুলিশ ওই গ্রামে অভিযান চালায়। সন্ধ্যায় গ্রামের আমিরুল ইসলামের কাছ থেকে ভাঙা হাতকড়া উদ্ধার করে পুলিশ।এ সময় আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগে ওই পাঁচজনকে আটক করা হয়। রাতে তাঁদের বিরুদ্ধে পুলিশের কাজে বাধাদান ও আসামি ছিনতাইয়ের অভিযোগে চৌগাছা থানায় মামলা করা হয়।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম মশিউর রহমান বলেন, লিটন এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী। তাঁকে গ্রেপ্তারে অভিযান চলছে।