রাজবাড়ীর বালিয়াকান্দি সদর ইউপির চেয়ারম্যান একজন সংরক্ষিত নারী সদস্যকে অধিকারবঞ্চিত করছেন বলে অভিযোগ উঠেছে। তিনি ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে গত বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দেন।
অভিযোগকারীর নাম ফাতেমা খাতুন। তিনি ইউপির সংরক্ষিত ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সদস্য। তাঁর বাড়ি বালিয়াকান্দির শালমারা গ্রামে।
লিখিত অভিযোগে ফাতেমা খাতুন উল্লেখ করেন, তিনি জনগণের পাশে থাকার আশ্বাস দিয়ে নির্বাচন করে জয়ী হয়েছেন। কিন্তু শপথ নেওয়ার পর তিনি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. নায়েব আলী শেখের নেকনজরে আসতে পারেননি। চেয়ারম্যান তাঁকে কোটা অনুযায়ী প্রাপ্য কোনো সুযোগ-সুবিধাই দিচ্ছেন না। এমনকি মাসিক সভায় ফাতেমা উপস্থিত থাকার পরও তাঁকে অনুপস্থিত দেখানো হয়। এর মাধ্যমে তাঁর সদস্যপদ বাতিলের চেষ্টা চলছে।
জানতে চাইলে, বালিয়াকান্দি ইউপির সচিব আবুল কালাম আজাদ বলেন, ‘এটি চেয়ারম্যান-সদস্যের বিষয়। আমি মুঠোফোনে কোনো কথা বলব না। আপনি অফিসে আসলে সামনাসামনি কথা বলব।’ আর ইউপি চেয়ারম্যান মো. নায়েব আলী শেখ গতকাল শুক্রবার বলেন, ‘অভিযোগ জমা দেওয়ার বিষয়টি আমি জানি। আমি এখন ব্যস্ত আছি। এ বিষয় নিয়ে আপনার সঙ্গে পরে কথা হবে।’
বালিয়াকান্দির ইউএনও এইচ এম রকিব হায়দার বলেন, অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য তিনি উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন। প্রতিবেদন পেলে পরবর্তী ব্যবস্থা নেবেন।