নারী ইউপি সদস্যের লাশ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিটঘর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য ইয়াছমিন আক্তারের (৪৫) গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত শনিবার রাত সাড়ে ১০টার দিকে স্থানীয় শিবপুর ফাঁড়ির পুলিশ ওই ইউপি সদস্যের নিজ বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করে।
নিহত ইয়াসমিন আক্তার নবীনগর উপজেলার বিটঘর ইউনিয়নের বিটঘর গ্রামের মৃত মোশারফ হকের স্ত্রী।
শিবপুর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) আবু কাউছার জানান, শনিবার সন্ধ্যার পর কোনো এক সময় দুর্বৃত্তরা তাঁর গলা কেটে পালিয়ে যায়। নিজ বাড়িতে গলাকাটা ও মুখ বাঁধা অবস্থায় তাঁর মরদেহ পাওয়া গেছে। তাঁর শরীরে ছুরিকাঘাতের একাধিক চিহ্ন রয়েছে বলেও জানান তিনি।
বিটঘর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সোলায়মান ভূঁইয়া বলেন, ‘তাঁর মৃত্যুর খবর শুনেছি। তবে কী কারণে এমনটি হয়েছে, তা জানা নাই। তাঁর দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।’
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপক কুমার সাহা জানান, নিহতের গলা, পেট, পিঠ, দুই হাতসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।