নারী ও প্রতিবন্ধী তরুণের সঙ্গে অভব্যতা?
পটুয়াখালীর বাউফল উপজেলায় সোনালী ব্যাংকের শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে গতকাল বুধবার বুদ্ধিপ্রতিবন্ধী তরুণ ও তাঁর মায়ের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করার অভিযোগ উঠেছে।
ওই তরুণের নাম তানজিল হোসেন (১৮)। তিনি চর কালাইয়া গ্রামের বাসিন্দা ও মুক্তিযোদ্ধা মোকাম্মেল শরীফ এবং সাবেক উপসহকারী কমিউনিটি মেডিকেল কর্মকর্তা রাশিদা বেগমের (৬০) ছেলে।
তানজিলের বড় ভাই তৌহিদ হোসেন সাংবাদিকদের বলেন, গতকাল বেলা পৌনে ১১টার দিকে তাঁর বুদ্ধিপ্রতিবন্ধী ভাই তানজিলকে নিয়ে মা রাশিদা বেগম সোনালী ব্যাংকের বাউফল শাখায় টাকা তুলতে যান। সেখানে তানজিল দুষ্টুমি করেন। এ সময় শাখা ব্যবস্থাপক রফিকুল ইসলাম কর্কশ ভাষায় রাশিদা বেগমকে ওই তরুণকে (তানজিল) নিয়ে আর কখনো ব্যাংকে না আসার জন্য বলেন। এ-সংক্রান্ত লিখিত নির্দেশনা চাইলে রফিকুল ইসলাম ক্ষুব্ধ হন এবং তানজিলকে গালাগাল করেন। এর প্রতিবাদ করলে রাশিদা বেগমের সঙ্গেও অসৌজন্যমূলক আচরণ করা হয়।
রাশিদা বেগম বলেন, ‘ওই ব্যবস্থাপক আমার বড় ছেলের চেয়েও কম বয়সের। অথচ তিনি আমাকে “বাজে মহিলা, পিটিয়ে কান ছিঁড়ে ফেলব, দেখে নেব” ইত্যাদি বলেন। এ ঘটনায় আইনের আশ্রয় নেব।’
স্থানীয়ভাবে প্রতিবন্ধীদের নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন সুপার পাওয়ারের চেয়ারম্যান কাজী মো. জায়েদ মাহমুদ বলেন, ‘ঘটনাস্থলে গিয়েছিলাম। ব্যাংকের ব্যবস্থাপক হয়ে তিনি কোনো গ্রাহকের সঙ্গেই অসৌজন্যমূলক আচরণ করতে পারেন না। এরপরও বুদ্ধিপ্রতিবন্ধী ওই তরুণ ও তাঁর মায়ের সঙ্গে যে আচরণ করেছেন, তা খুবই দুঃখজনক। এ ঘটনার বিচার দাবি করি।’
ব্যবস্থাপক রফিকুল ইসলাম বলেন, কোনো প্রতিবন্ধী কিংবা তাঁর মায়ের সঙ্গে অশালীন ও অসৌজন্যমূলক আচরণ করা হয়নি।