নারী কর্মীদের সঞ্চয়ের টাকা আত্মসাতের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় রুরাল এমপ্লয়মেন্ট অ্যান্ড রোড মেইনটেন্যান্স (আরএমপি) প্রকল্পে নিয়োজিত নারী কর্মীদের সঞ্চয়ের প্রায় সাড়ে তিন লাখ টাকা আত্মসাৎ করা হয়েছে। স্থানীয় সরকারপ্রকৌশল অধিদপ্তরের কটিয়াদী কার্যালয়ের সাবেক দুই প্রকল্প তত্ত্বাবধায়ক তোফাজ্জল হোসেন ও হুমায়ুন কবির ওই টাকা আত্মসাৎ করেন বলে অভিযোগ পাওয়া গেছে।
জালিয়াতি করে টাকা তুলে নেওয়ার বিষয়টি ধরা পড়ার পর চলতি বছরের ফেব্রুয়ারি থেকে প্রকল্পের নারী কর্মীদের বেতন প্রদান বন্ধ আছে। তোফাজ্জল ও হুমায়ুনের শাস্তির দাবিতে ও টাকা ফেরত পেতে ভুক্তভোগীরা গত রোববার দুপুরে উপজেলা চত্বরে বিক্ষোভ করেন।
স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্র জানায়, দপ্তরটির অধীনে নির্মিত সড়ক মেরামত এবং মাটি ফেলার কাজের জন্য আরএমপি নামে একটি প্রকল্প রয়েছে। গত বছরের ১৬ এপ্রিল থেকে শুরু হয়েছে আরএমপি-২ প্রকল্প। এই প্রকল্পের অধীন উপজেলার নয়টি ইউনিয়নের সড়ক মেরামতের জন্য ৮৯ জন নারী কর্মী নিয়োগ দেওয়া হয়। তাঁরা নয়টি দলে ভাগ হয়ে কাজ করছেন। প্রতিটি দল একজন করে দলনেত্রী ও সাধারণ সম্পাদকের অধীনে পরিচালিত হয়। সোনালী ব্যাংক কটিয়াদী শাখার মাধ্যমে তাঁরা মাসিক বেতন তোলেন। তাঁদের মাসিক বেতন সাড়ে চার হাজার টাকা। এর মধ্যে প্রতি মাসে তিন হাজার টাকা করে তুলতে পারেন। বাকি দেড় হাজার টাকা সঞ্চয় হিসেবে জমা থাকে। কর্মী ও নির্বাহী প্রকৌশলীর যৌথ ব্যাংক হিসাবে ওই টাকা জমা থাকে।
অভিযুক্ত তোফাজ্জল দপ্তরটির রক্ষণাবেক্ষণ (মেইনটেন্যান্স) প্রকল্পের ও হুমায়ুন আরএমপি-১ প্রকল্পের প্রকল্প তত্ত্বাবধায়ক ছিলেন। এক বছর আগেই ওই দুটি প্রকল্পের কাজ শেষ হওয়ায় তাঁরা এখন আর পদে নেই। পদে না থাকলেও ওই দুই ব্যক্তি আরএমপি-২ প্রকল্পের নারী কর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলতেন। শ্রমিকেরাও তাঁদের বিশ্বাস করতেন। ৮৯ জনের সই নিয়ে তাঁরাই ব্যাংক থেকে টাকা তুলে শ্রমিকদের বুঝিয়ে দিতেন। জুলাইয়ে সঞ্চয়ের টাকা উত্তোলনের সময় হয়। সবার কাছ থেকে খালি চেকে সই নিয়ে ও নির্বাহী প্রকৌশলীর সই জাল করে নির্ধারিত সময়ের আগেই গত ১৪ মে তাঁরা টাকা ( বেতন ও সঞ্চয়) তুলে ফেলেন। পরে শ্রমিকদের বেতনের টাকা বুঝিয়ে দিয়ে সঞ্চয়ের ৩ লাখ ৩৩ হাজার ৮৫০ টাকা নিয়ে তাঁরা পালিয়ে যান।
বিষয়টি জানাজানি হলে শ্রমিকেরা ২১ মে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে অভিযোগ দেন ও বিক্ষোভ করেন। এ ছাড়া গত রোববারও শ্রমিকেরা বিক্ষোভ করেন। গত রোববার এলজিইডি কিশোরগঞ্জের নির্বাহী প্রকৌশলী গোলাম মওলা কটিয়াদী এসে ভুক্তভোগীদের সঙ্গে কথা বলেন।
ভুক্তভোগী নারীশ্রমিক হাজেরা বেগম, সুমিতা বেগম, রিনা বেগম, সন্ধ্যা রাণী, হনুফা বেগম, রুবিনা আক্তার জানান, সঞ্চয়ের টাকা না পেলে তাঁদের কষ্টের জীবন আরও দুর্বিষহ হয়ে উঠবে।
দলনেত্রী নাজমা বেগম বলেন, ‘তোফাজ্জল ও হুমায়ুন আমাদের সঙ্গে এমন প্রতারণা করবে বুঝতে পারেনি।’
এ বিষয়ে জানতে তোফাজ্জল ও হুমায়ুনের মুঠোফোন একাধিকবার ফোন করলে তা বন্ধ পাওয়া যায়।
এলজিইডি কটিয়াদী কার্যালয়ের কমিউনিটি অর্গানাইজার সমন্বয়কারী সংগঠক ঝর্ণা ভট্টাচার্য গতকাল প্রথম আলোকে বলেন, সঞ্চয়ের টাকা প্রকল্পের মেয়াদ (পাঁচ বছর) শেষ হওয়ার পর তোলার নিয়ম আছে। তবে প্রকল্পের দুই বছর পার হলেও টাকা তোলা যায়। জালিয়াতি করে টাকা তোলার বিষয়টি ধরা পড়ার পর চলতি বছরের ফেব্রুয়ারি থেকে শ্রমিকদের বেতন দেওয়া বন্ধ রয়েছে।
নির্বাহী প্রকৌশলী গোলাম মওলা বলেন, ‘ভুক্তভোগীদের অভিযোগ শুনেছি। এখন আমরা ব্যাংকের কাছে জানতে চাইব কীভাবে ও কোন যুক্তিতে একজনের হাতে এত টাকা দিলেন। আর তোফাজ্জল ও হুমায়ুনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’