নারী কাউন্সিলরের হাতে প্রধান প্রকৌশলী লাঞ্ছিত
সিলেট সিটি করপোরেশনের ৭ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের নারী কাউন্সিলরের হাতে প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান লাঞ্ছিত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার দুপুরে নগরের বন্দরবাজার এলাকার করপোরেশনে ভবনে প্রধান প্রকৌশলীর কক্ষে এ ঘটনা ঘটে।
এ ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিকভাবে বিক্ষোভ শুরু করেন করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা। পরে মেয়র আরিফুল হক চৌধুরী অভিযুক্ত কাউন্সিলরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়।
প্রত্যক্ষদর্শী কয়েকজন কর্মকর্তা ও কর্মচারী বলেন, বেলা দুইটার দিকে করপোরেশনের সংরক্ষিত ৭ নম্বর ওয়ার্ডের নারী কাউন্সিলর শামীমা স্বাধীন করপোরেশন ভবনের চতুর্থ তলায় প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমানের কক্ষে যান। এ কক্ষে অন্য কয়েকজন ব্যক্তির সঙ্গে আলোচনা করছিলেন প্রধান প্রকৌশলী। এ কারণে প্রধান প্রকৌশলী ওই নারী কাউন্সিলরকে পরে আসতে বলেন। এতে ক্ষুব্ধ হয়ে শামীমা প্রধান প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন।
প্রধান প্রকৌশলীকে লাঞ্ছিত করার বিষয়টি তাৎক্ষণিকভাবে করপোরেশনে ছড়িয়ে পড়লে করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। তাঁরা ওই কাউন্সিলরকে একটি কক্ষে আটকে রেখে কর্মবিরতির ঘোষণা দিয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় সিটি করপোরেশনের কর্মকর্তা অ্যাসোসিয়েশনের আহ্বায়ক রুহুল আলম ও কর্মচারী সংসদের সাধারণ সম্পাদক আখতার সিদ্দিকি লাঞ্ছনাকারী নারী কাউন্সিলরকে অব্যাহতি দেওয়া না হলে ২৩ ডিসেম্বর থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালনের ঘোষণা করেন।
বেলা সোয়া দুইটায় সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী তাৎক্ষণিকভাবে কাউন্সিলরদের নিয়ে জরুরি বৈঠকে বসেন। বৈঠকে ২৭ জন পুরুষ কাউন্সিলরের মধ্যে ১৬ জন এবং ৯ জন নারী কাউন্সিলরের মধ্যে ৪ জন উপস্থিত ছিলেন। বিকেল সোয়া চারটায় কাউন্সিলরদের সঙ্গে বৈঠক শেষে সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বিক্ষুব্ধ কর্মকর্তা-কর্মচারীদের বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ে অভিযুক্ত কাউন্সিলরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য লিখিতভাবে জানানো হবে। ওই কাউন্সিলরকে সাময়িকভাবে করপোরেশনের সব কার্যক্রম থেকে দূরে রাখার প্রস্তাবও দেওয়া হবে।
এরপর মেয়র কর্মকর্তা ও কর্মচারীদের নিজ নিজ কাজে যোগ দেওয়ার আহ্বান জানান। মেয়রের এমন ঘোষণার পর বিক্ষুব্ধ কর্মকর্তা-কর্মচারীরা তাঁদের কর্মসূচি আপাতত স্থগিত ঘোষণা করে কর্মসূচি শেষ করেন। বিক্ষুব্ধরা চলে গেলে বিকেল পাঁচটার দিকে করপোরেশন ভবন থেকে বেরিয়ে একটি অটোরিকশায় করে চলে যান শামীমা। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, ‘আমি তিন মাস ধরে প্রধান প্রকৌশলীর কার্যালয়ে যাচ্ছি। কিন্তু একজন জনপ্রতিনিধিকে তিনি সম্মান দেখান না।’ হামলার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘নগরের ছড়ার (প্রাকৃতিক খাল বিশেষ) একটি কাজ অনুমোদনের জন্য উনার (প্রধান প্রকৌশলীর) কাছে গিয়েছিলাম। এ সময় তাঁর সঙ্গে ঝামেলা হয়।’ শামীমা দাবি করেন, ঝামেলার শুরুতে প্রধান প্রকৌশলীই প্রথম তাঁকে লাঞ্ছিত করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে প্রধান নির্বাহী প্রকৌশলী নূর আজিজুর রহমান প্রথম আলোকে বলেন, ‘ঘটনার সময় আমি একটি বেসরকারি সংস্থার কয়েকজন কর্মকর্তার সঙ্গে আলোচনা করছিলাম। হঠাৎ ওই নারী কাউন্সিলর ক্ষুব্ধ হয়ে আমার উপর আক্রমণ চালিয়েছেন।’ তবে ওই কাউন্সিলর তাঁর কাছে কোন কাজে এসেছিলেন, তা তিনি জানেন না উল্লেখ করে বলেন, ‘১৬ বছর ধরে সিলেট সিটি করপোরেশনে কাজ করছি। এত দিন সব জনপ্রতিনিধির সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক নিয়ে চলেছি। কিন্তু হঠাৎই এমন ঘটনায় আমি হতভম্ব হয়েছি। তাঁকে আমি কিছুই বলিনি, কেবল বলেছি, একটু পরে কথা বলব। এতেই কাউন্সিলর খেপে গেলেন।’