নারী কেলেঙ্কারির অভিযোগে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. রফিকুল হককে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেছে আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন ‘গণতান্ত্রিক শিক্ষক ফোরাম’। এ ছাড়া উপাচার্যের পদত্যাগ দাবি করে গতকাল বৃহস্পতিবার মানববন্ধন করেছে সংগঠনটি।
তবে উপাচার্যের দাবি, এটি তাঁর বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্র।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, নারী কেলেঙ্কারিসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকায় উপাচার্য মো. রফিকুল হকের পদত্যাগের দাবিতে গতকাল বেলা ১১টার দিকে প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন করেন আওয়ামীপন্থী শিক্ষকেরা। মানববন্ধনে সভাপতিত্ব করেন গণতান্ত্রিক শিক্ষক ফোরামের সভাপতি এ কে এম শামসুদ্দীন। এ সময় শিক্ষকেরা উপাচার্যের বিরুদ্ধে নারী কেলেঙ্কারীর অডিও ক্লিপ ও স্থিরচিত্র পাওয়া গেছে বলে দাবি করেন। এ কারণে তাঁরা উপাচার্যকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেন। এর আগে গত বুধবার রাতে ওই অডিও ক্লিপ ও স্থিরচিত্র অসত্য প্রমাণ করতে গতকাল সকাল ১০টা পর্যন্ত উপাচার্যকে সময় বেঁধে দিয়েছিল শিক্ষক ফোরাম।
মানববন্ধনে শিক্ষক ফোরামের সদস্য এ কে এম জাকির হোসেন বলেন, নৈতিক স্খলনের মাধ্যমে উপাচার্য বিশ্ববিদ্যালয়কে কলুষিত করেছেন। উপাচার্যের উচিত পদত্যাগ করে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ফিরিয়ে আনা। এ কে এম শামসুদ্দীন বলেন, ‘একজন উপাচার্য হিসেবে অডিও ক্লিপে তাঁর যে অশোভন কথা, তা বর্ণনা করার ভাষা আমার নেই।’
এদিকে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে কিছু স্বার্থান্বেষী মহল উপাচার্যের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে দাবি করে ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা মহিউদ্দিন হাওলাদার।
সংবাদ সম্মেলন: মানববন্ধন শেষে ছাত্র-শিক্ষক কেন্দ্রের মিনি সম্মেলনকক্ষে সংবাদ সম্মেলন করেন গণতান্ত্রিক শিক্ষক ফোরামের শিক্ষকেরা। ফোরামের সভাপতি এ কে এম শামসুদ্দীনের সভাপতিত্বে তাঁর স্বাক্ষরিত লিখিত বক্তব্য পাঠ করেন এ কে এম জাকির হোসেন। লিখিত বক্তব্যে বলা হয়, উপাচার্যের বিরুদ্ধে নৈতিক স্খলনের প্রমাণ হিসেবে অডিও ক্লিপ, স্থিরচিত্রসহ নানা কর্মকাণ্ডের সিডি পাওয়া গেছে। এ জন্য শিক্ষক ফোরাম উপাচার্যকে অবাঞ্ছিত ঘোষণা করার সিদ্ধান্ত নেয়। পদত্যাগ না হওয়া পর্যন্ত শিক্ষক ফোরাম আন্দোলন চালিয়ে যাবে।
এ ব্যাপারে উপাচার্য মো. রফিকুল হক গতকাল বেলা আড়াইটার দিকে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমার বিরুদ্ধে পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করা হচ্ছে। পদত্যাগের কোনো প্রশ্নই আসে না। সাইবার ক্রাইম করে মিথ্যা-বানোয়াট অডিওক্লিপ তৈরি করে আমাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। বগুড়া-১ আসনের সাংসদ আবদুল মান্নানকে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য না করায় তিনি যড়যন্ত্রেরমূল হোতা হিসেবে কাজ করছেন। এ ছাড়া সায়াদ হত্যাকাণ্ডে ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মীকে বহিষ্কার করায় ওই সাংসদ শিক্ষকদের নিয়ে এমন ষড়যন্ত্র করছেন।’
মো. রফিকুল হক আরও বলেন, ‘অডিও ক্লিপ ও স্থিরচিত্রে যে নারীর কণ্ঠস্বর ও ছবি রয়েছে, তিনি বিশ্ববিদ্যালয়ের একটি হলের কম্পিউটার অপারেটর। ওই নারীকে আমি সাময়িক বহিষ্কার করেছি। ওই নারীর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই।’
তবে অভিযোগ অস্বীকার করে সাংসদ আবদুল মান্নান প্রথম আলোকে বলেন, ‘বিভিন্ন অভিযোগে দিশেহারা হয়ে উপাচার্য উল্টাপাল্টা কথা বলছেন। এখানে আমার স্বার্থের কিছু নেই।’