নারী চিকিৎসককে লাঠিপেটার মামলা তুলে নিতে হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের নারী চিকিৎসককে লাঠিপেটার অভিযোগে দায়ের করা মামলা তুলে নেওয়ার হুমকি দেওয়ায় গত শনিবার সিংড়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
এ ঘটনার প্রতিবাদে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কর্মীরা বৃহস্পতিবার থেকে প্রতিদিন দুই ঘণ্টা কর্মবিরতি পালন করে আসছেন।
সিংড়া থানা সূত্র জানায়, শনিবার সন্ধ্যায় আহত নারী চিকিৎসক আঞ্জুয়ারার স্বামী আবদুল হান্নান বাদী হয়ে থানায় জিডি করেছেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিরুল ইসলাম জানান, অভিযোগটি জিডি হিসেবে নথিভুক্ত করা হয়েছে। হুমকিদাতাদের শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্ত তরুণ ইউসুফ আলীকে ধরার চেষ্টা চলছে।
চাহিদামতো ওষুধ না পাওয়ায় ইটালি গ্রামের তরুণ ইউসুফ আলী (২৩) গত বুধবার সিংড়ার ইটালি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রের নারী চিকিৎসক আঞ্জুয়ারাকে লাঠিপেটা করেন।