ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নারী নির্যাতনের ঘটনায় হওয়া একটি মামলার বাদীকে এক আসামি প্রাণনাশের হুমকি দিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এই অভিযোগ করেন মামলার বাদী।
ওই মামলার বাদী হলেন সরাইল উপজেলার দত্তপাড়া গ্রামের আরাফাত আলমের স্ত্রী শারমিন সুলতানা। গতকাল বেলা ১১টার দিকে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
জানা গেছে, ২০১২ সালের ১৪ জানুয়ারি কালিকচ্ছ ইউনিয়নের সূর্যকান্দি গ্রামের ধন মিয়ার মেয়ে শারমিন সুলতানার সঙ্গে একই ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ওয়ার্ডের সদস্য (৪, ৫ ও ৬ নম্বর) ও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য রোকেয়া বেগমের ছেলে আরাফাত আলমের বিয়ে হয়।
সংবাদ সম্মেলনে শারমিন অভিযোগ করে বলেন, ‘বিয়ের কিছুদিন পর আমার স্বামী আরাফাত সৌদি আরবে চলে যান। স্বামী বিদেশে যাওয়ার পর থেকেই শ্বশুরবাড়ির লোকজন যৌতুকের জন্য আমাকে চাপ দিতে শুরু করেন। কয়েক মাস প্রবাসে থেকে দেশে আসার পর স্বামী আরাফাতও যৌতুকের জন্য নানাভাবে নির্যাতন করেন। ১৪ জুলাই স্বামী আমার কাছে তিন লাখ টাকা যৌতুক দাবি করে। টাকা না দিলে দ্বিতীয় বিয়ের হুমকি দিয়ে স্বামী ও শাশুড়ি মিলে আমাকে শারীরিক নির্যাতন করে।’
শারমিন অভিযোগ করেন, ‘নির্যাতনের অভিযোগে আমি ১৬ জুলাই স্বামী আরাফাত, শাশুড়ি রোকেয়া বেগমসহ কয়েকজনকে আসামি করে সরাইল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছি। পরে আমার স্বামী ও শাশুড়িকে গ্রেপ্তার করে পুলিশ। তবে শাশুড়ি আদালত থেকে জামিন পেয়ে আমাকে এখন প্রাণনাশের হুমকি দিচ্ছে। ভয়ে বাড়ি ছেড়ে ব্রাহ্মণবাড়িয়া শহরে এসে এক আত্মীয়ের বাসায় আশ্রয় নিয়েছি।’
শারমিনের শাশুড়ি রোকেয়া বেগম নির্যাতন করার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘মোবাইল ফোনে শারমিনের সঙ্গে আমার ছেলের বিয়ে হয়। এক বছর ধরে সে আমার বাড়িতে থাকে না। সে ব্রাহ্মণবাড়িয়ায় একটি পারলারে কাজ করে। আমার বাড়ির বউ তো বিউটি পারলারে কাজ করতে পারে না। গত বছর নভেম্বর মাসে বিষয়টি মীমাংসার জন্য উপজেলার তিন ইউপি চেয়ারম্যানকে নিয়ে বসেছিলাম। কিন্তু ওই মেয়ে বিষয়টি শেষ করেনি। ঝুলিয়ে রেখেছে।’
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপক কুমার সাহা বলেন, মামলা দায়েরের সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হয়েছে। ওই মেয়ের স্বামী ও শাশুড়িকে গ্রেপ্তারও করা হয়েছে।