নারী নেত্রীর সঙ্গে অশোভন আচরণ যুবক গ্রেপ্তার
রাঙামাটিতে আদিবাসী নেত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গত মঙ্গলবার রাত ৯টার দিকে স্থানীয় লোকজনের সহায়তায় মো. তাহের নামেও ওই যুবককে পুলিশের হাতে ধরিয়ে দেন ওই নেত্রী।
নারী নেত্রী জানান, গত মঙ্গলবার সাংগঠনিক সভা শেষে রাত সাড়ে আটটায় রাঙামাটি শহরের কল্যাণপুর মুখ থেকে বনরূপা এলাকায় যেতে অটোরিকসায় ওঠেন তিনি। অটোরিকশাটি চলতে শুরু করার পর আগে থেকে বসা যাত্রী মো. তাহের হঠাৎ তাঁকে জড়িয়ে ধরেন। অটোরিকশার সামনে বসা একজন যাত্রীকে নামাতে জনস্বাস্থ্য প্রকৌশল কার্যালয়ের সামনে থামে অটোরিকশাটি। তখন তিনি তাহেরকে শার্টের কলার ধরে টেনে নামান। পরে আশপাশের লোকজনের সহায়তায় তাহেরকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশীদ জানান, মঙ্গলবার রাতে নারী নেত্রী বাদী হয়ে তাহেরের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। গতকাল তাহেরকে রাঙামাটি জেলা জজ আদালতে হাজির করে জেল হাজতে পাঠানো হয়েছে।