নারী পাচারকারী চক্রের পাঁচজন আটক, উদ্ধার ৯
রাজধানীর তুরাগ থানার কামারপাড়া থেকে গত সোমবার রাতে নারী পাচারকারী চক্রের পাঁচ সদস্যকে আটক করেছে র্যা ব। এ চক্রের হাত থেকে নয়জন নারীকেও উদ্ধার করেছে র্যা ব।
র্যা ব সূত্র জানায়, গোপন খবরের ভিত্তিতে গত সোমবার রাতে র্যা ব-২-এর একটি দল কামারপাড়ার ৬ নম্বর সড়কের একটি বাড়ির তৃতীয় তলায় অভিযান চালিয়ে পাচারের জন্য আনা নয়জন নারীকে উদ্ধার করে। র্যা ব সেখান থেকে পাচারকারী চক্রের সদস্য রিনা বেগম (৩০), সীমা আক্তার মৌসুমী (১৯), শিল্পী আক্তারকে (২২) আটক করে। পরে র্যা ব উত্তরার ১০ নম্বর সেক্টরে একটি বাড়িতে অভিযান চালিয়ে মানব পাচারকারী চক্রের মো. আবদুল লতিফ (৪৫) ও শহিদুলকে (৪৪) আটক করে। এ সময় সেখান থেকে ১৯৫টি পাসপোর্ট ও নগদ আড়াই লাখ টাকা উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিরা জিজ্ঞাসাবাদে বলেন, এ পাচার চক্রের মূল হোতা শাহিন খন্দকার উত্তরার ১০ নম্বর সেক্টরের একটি বাড়িতে মানব পাচারের প্রতিষ্ঠান খুলেছেন। আটক হওয়া এ প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক লতিফ বলেন, সম্প্রতি সৌদি আরবে নতুন করে নারী কর্মীদের কর্মসংস্থানের সুযোগ হওয়ার বিষয়টি কাজে লাগিয়ে শাহিন নারী পাচার শুরু করেন। এ জন্য তাঁরা ঢাকায় আবুল হোসেন, খুলনায় ইসলাম, চট্টগ্রামে এনামুল ও বগুড়ায় কামরুলসহ দেশের আরও কয়েকটি স্থানে দালাল নিয়োগ করেন। যাঁরা মেয়েদের উচ্চ বেতনে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পাঠানোর লোভ দেখিয়ে ঢাকায় নিয়ে আসেন।
র্যা ব-২-এর পরিচালক লে. কর্নেল এস এম মাসুদ রানা বলেন, আটক হওয়া নারীরা মূলত বিদেশে পাচারের জন্য কামারপাড়ায় নয়জন নারীকে আটকে রেখেছিলেন। তাঁদের কাছ থেকে ২০ থেকে ৫০ হাজার টাকা করে নেওয়া হয়েছে।