নারী পাচারকারী চক্রের ৫ সদস্য আটকের দাবি র্যাবের
রাজধানীর উত্তরা থেকে আন্তর্জাতিক নারী পাচারকারী চক্রের তিন নারী সদস্যসহ পাঁচজনকে আটকের দাবি করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। র্যাবের ভাষ্য, এদের সঙ্গে সৌদি আরবে পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা ৯ নারীকেও উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল থেকে ১৯৫টি বাংলাদেশি পাসপোর্ট জব্দ করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে র্যাব-২ এর কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা জানান র্যাবের গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান। আটক তিন ‘নারী পাচারকারী’ হলেন, রিনা (৩০), সীমা (১৯) ও শিল্পী (২২)।
মুফতি মাহমুদ খানের ভাষ্য, গতকাল সোমবার রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর তুরাগ থানার কামারপাড়ায় একটি বাড়িতে অভিযান চালিয়ে ৯ নারীকে উদ্ধার করে র্যাব-২ এর একটি দল। ওই নারীরা জানায়, সৌদি আরবে পাঠানোর উদ্দেশ্যে তাঁদের ওই বাড়িতে নেওয়া হয়েছিল। তাঁদের দেওয়া তথ্য অনুসারে, র্যাব রাজধানী উত্তরার ৪১০ নম্বর সেক্টরের আল লতিফ বিডি লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানে অভিযান চালায়। সেখান থেকে প্রতিষ্ঠানের ব্যবস্থাপক আব্দুল লতিফ ও অফিস সহকারী মো. শহীদুলকে আটক এবং ১৯৫টি বাংলাদেশি পাসপোর্ট, আড়াই লাখ টাকা, একটি কমপিউটার ও একটি ল্যাপটপ জব্দ করা হয়।
মুফতি মাহমুদ খান আরও জানান, ওই প্রতিষ্ঠানের মাধ্যমে প্রতারণার শিকার হয়েছেন এমন কয়েকজনের অভিযোগের ভিত্তিতে র্যাব এ অভিযান চালায়। প্রতিষ্ঠানটি সৌদি আরবে লোক পাঠানোর কথা বলে দেশের বিভিন্ন জায়গা থেকে দালালের মাধ্যমে নারীদের নিয়ে এসে তুরাগের কামারপাড়ায় ওই ফ্ল্যাটে রাখে। এর মধ্যে তাঁরা প্রায় ৪০০ নারীকে সৌদি আরবসহ বিভিন্ন দেশে পাচার করেছে বলেও তিনি দাবি করেন।
মুফতি মাহমুদ খান বলেন, কামারপাড়ার বাড়ি থেকে উদ্ধার হওয়া দৌলতুন্নেসা (২৮) র্যাবকে জানিয়েছেন, স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যাওয়ার পরে কামরুল নামে এক দালালের সঙ্গে তাঁর যোগাযোগ হয়। কামরুল সৌদি আরবে পাঠানোর কথা বলে তাঁর কাছ থেকে ৫০ হাজার টাকা নেন। পরে তাঁকে ওই বাড়িতে এনে রাখা হয়। উদ্ধার হওয়া নারীদের প্রত্যেকের কাছ থেকে প্রতিষ্ঠানটি ২০ হাজার থেকে ৫০ হাজার টাকা করে নিয়েছে বলেও তিনি জানান।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।