ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার এক নারীকে বিদেশ পাচার ও তাঁকে দিয়ে অনৈতিক ব্যবসা করানোর অভিযোগ দায়ের হওয়া মামলায় আবুল হোসেন (৫০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার রাত একটার দিকে ঢাকার কদমতলী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আবুল হোসেন খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মধ্যবেতছরি এলাকার বাসিন্দা। আবুলকে গতকাল সোমবার দুপুরে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানা সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর এলাকার এক নারী ব্রাহ্মণবাড়িয়ার জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে গত ৫ জানুয়ারি ছয়জনকে আসামি করে একটি পিটিশন মামলার আবেদন করেন। আদালতের নির্দেশে মামলাটি গত ১০ জানুয়ারি মানবপাচার আইনে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় দায়ের করা হয়। আবুল ওই মামলার তিন নম্বর আসামি।
মামলার অন্য আসামিরা হলেন নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার প্রভাকরদী এলাকার হাফিজুর রহমান (৫০), একই এলাকার আনিসুর রহমান (৫২) ও একই জেলার ফতুল্লা উপজেলার জমির আলী, ঢাকার শাহজাহানপুরের শান্তিবাগ এলাকার বাদল মিয়া (৪৫), বরগুনা পাথরঘাটার কামরুজ্জামান হাসান (৩২)।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ওমানে পাঠানোর কথা বলে ২০১৪ সালের ৭ জুন আবুল হোসেন ও হাফিজুর রহমান সুলতানপুরে এসে ওই নারীর কাছ থেকে আড়াই লাখ টাকা আদায় করেন। একই বছরের ৪ অক্টোবর ওই নারী ওমানে যান। যাওয়ার তিন থেকে চার দিন পর ওই নারীকে দিয়ে জোরপূর্বক অনৈতিক কাজ করান ওমানে অবস্থানরত লোকজন। সেখানে অনৈতিক কাজে অনীহা প্রকাশ করলে ওই নারীর ওপর শারীরিক নির্যাতন চালানো হয়। একপর্যায়ে ওই নারী অসুস্থ হয়ে পড়লে ২০১৫ সালের ১৮ জুলাই ওই নারীকে বাংলাদেশে পাঠানো হয়।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈনুর রহমান বলেন, ওমানে পাচার করে একটি চক্র ওই নারীকে দিয়ে দেহব্যবসা করিয়েছে—এমন অভিযোগ এনে গত জানুয়ারি মাসে থানায় মামলা হয়। গত রোববার রাতে আবুল হোসেনকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ গ্রেপ্তার করে ব্রাহ্মণবাড়িয়া পুলিশের কাছে হস্তান্তর করে।