নারী পাচারের অভিযোগে গ্রেপ্তার ১
নারী পাচারের অভিযোগে জাহিদ বেপারী ওরফে জাহিদ মোল্লা (৫৫) নামে এক ব্যক্তিকে আজ বৃহস্পতিবার সকালে গাজীপুরের টঙ্গী থেকে গ্রেপ্তার করেছে রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা-পুলিশ। জাহিদের বাড়ি গাইবান্ধার সাঘাটা থানার শিমুলবাড়ি এলাকায়।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শাহজালাল বলেন, ‘জাহিদের বিরুদ্ধে দৌলতদিয়া যৌনপল্লিতে নিজের মেয়েসহ অন্তত ১০টি মেয়েকে বিক্রি করার অভিযোগ রয়েছে। তাঁর বিরুদ্ধে গোয়ালন্দ থানাসহ দেশের বিভিন্ন থানায় নারী পাচারের বেশ কয়েকটি মামলা রয়েছে। সে এই এলাকায় নারী পাচারকারী চক্রের মূল হোতা। টঙ্গী থানা-পুলিশের সহায়তায় আজ তাঁকে গ্রেপ্তার করা হয়।’
গোয়ালন্দ ঘাট থানার উপপরিদর্শক (এসআই) মো. রুহুল আমিন জানান, গত ১৪ নভেম্বর দৌলতদিয়া যৌনপল্লি থেকে নরসিংদীর এক কিশোরীকে (১৬) উদ্ধার করে পুলিশ। ওই কিশোরী পুলিশকে জানায়, গত ৭ জুন বাড়ি থেকে রাগ করে বের হয়ে আসার পর ঢাকার বিমানবন্দর এলাকায় ঘোরাঘুরির সময় জাহিদের সঙ্গে তার দেখা হয়। পরে ভালো কাজ দেওয়ার কথা বলে জাহিদ তাকে দৌলতদিয়া যৌনপল্লিতে ৮০ হাজার টাকায় বিক্রি করে দেয়। কিশোরীর বক্তব্য এবং গাজীপুরের স্থানীয় সোর্সের দেওয়া তথ্যের ভিত্তিতে টঙ্গীর হাউচ পাড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে জাহিদকে গ্রেপ্তার করে বিকেলে গোয়ালন্দ থানায় আনা হয়। তাঁর বিরুদ্ধে নানা প্রলোভন ও প্রতারণার ফাঁদে ফেলে দৌলতদিয়া যৌনপল্লিতে টাঙ্গাইল এবং ময়মনসিংহের বিভিন্ন এলাকার বেশ কয়েকটি মেয়েকে বিক্রি করার অভিযোগ রয়েছে।
এসআই রুহুল আমিন আরও জানান, গ্রেপ্তার হওয়া জাহিদ নিজের মেয়েকে যৌনপল্লিতে বিক্রির অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর মেয়ে নেশাগ্রস্ত হয়ে নিজেই বছর খানেক আগে দৌলতদিয়া যৌনপল্লিতে যায় বলে দাবি করেন তিনি। তবে দুটি মেয়েকে ওই যৌনপল্লিতে বিক্রি করার কথা স্বীকার করেছেন তিনি।