নারী পুলিশ সদস্যকে ধর্ষণের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর খিলগাঁওয়ে এক নারী পুলিশ সদস্যকে সাবেক স্বামী পুলিশ কর্মকর্তাসহ কয়েকজন ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে। ওই নারীকে গতকাল শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।
ওই নারী রাজধানীর একটি থানায় কর্মরত। তাঁর সাবেক স্বামী খিলগাঁও থানায় কর্মরত ছিলেন। বর্তমানে তিনি পুলিশের এসপিবিএনে আছেন।
নারী পুলিশ সদস্যের পরিবার জানায়, চার বছর আগে ওই পুলিশ কর্মকর্তার সঙ্গে নারী পুলিশের বিয়ে হয়। তাঁদের আড়াই বছরের এক কন্যাসন্তান আছে। বছর খানেক আগে পারিবারিক কলহের জেরে তাঁদের বিচ্ছেদ হয়। এরপর নারী পুলিশ সদস্য ভরণ-পোষণের দাবি ও সন্তানকে নিজের কাছে রাখার আবেদন জানিয়ে আদালতে সাবেক স্বামী পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে নারী নির্যাতন দমন আইনে মামলা করেন।
পরিবার জানায়, এর মধ্যে গত ১০ জুন অসুস্থতাজনিত কারণে ওই নারী পুলিশ রাজারবাগ পুলিশ লাইনে চিকিৎসা নিতে যান। সেখানে খবর পেয়ে তাঁর সাবেক স্বামীও যান। স্বামী তাঁকে কৌশলে হাসপাতাল থেকে খিলগাঁওয়ের তিলপাপাড়ার এক বাসায় নিয়ে যান। সেখানে স্বামী ও তাঁর তিন বন্ধু নারী পুলিশকে ধর্ষণ করে। পরে বাড়ির মালিকের সহায়তায় ওই বাসা থেকে বের হয়ে নারী পুলিশ বিষয়টি পরিবারকে জানান।
খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজ ভূঁইয়া প্রথম আলোকে বলেন, ‘ধর্ষণের অভিযোগ দিলে তা মামলা হিসেবে গ্রহণ করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। রাতে ওই নারীর বোন বাদী হয়ে ওই পুলিশ কর্মকর্তাসহ কয়েকজনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন বলে জানান খিলগাঁও থানার এসআই রফিকুল ইসলাম।
স্বামীকে আটকে রেখে: পৃথক ঘটনায় রামপুরায় স্বামীকে আটকে রেখে স্ত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল চারজনের নাম উল্লেখ করে রামপুরা থানায় মামলা হয়েছে। তবে পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। ধর্ষণের শিকার গৃহবধূকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।
গৃহবধূ স্বামীর সঙ্গে চট্টগ্রামে বায়েজিদ বোস্তামী এলাকায় থাকেন। স্বামী চট্টগ্রাম সিটি করপোরেশনের এক ঠিকাদারের অধীনে কাজ করেন। গত শুক্রবার সকাল নয়টার দিকে স্বামীর সঙ্গে ঢাকায় আসেন ওই গৃহবধূ। তাঁরা ওঠেন পশ্চিম রামপুরার পলাশবাগে স্বামীর খালার বাসায়।
স্বামীর খালা প্রথম আলোকে বলেন, তিনি বাসাবাড়িতে কাজ করেন। গত শুক্রবার সকালে তিনি ভাগনে ও ভাগনের স্ত্রীকে বাসায় রেখে কাজে যান। এ সময় বখাটেরা ঘরে ঢুকে ভাগনেকে একটি কক্ষে আটকে রেখে তাঁর স্ত্রীকে ধর্ষণ করে। যাওয়ার সময় তারা নগদ টাকা ও কিছু স্বর্ণালংকারও নিয়ে যায়।
রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন, এ ঘটনায় সুজন, মইন, আরিফ ও ফরহাদ নামের চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে। ওরা সবাই মাদকাসক্ত। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।