নারী পুলিশের বিরুদ্ধে ভ্রূণ হত্যা ও প্রতারণার মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারী পুলিশ সদস্য মরিয়ম বেগমের বিরুদ্ধে প্রায় নয় লাখ টাকা হাতিয়ে নেওয়া ও গর্ভের সন্তান (ভ্রূণ) হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মরিয়মের স্বামী বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) তালিকাভুক্ত নাট্যশিল্পী মওদুদ আহমেদ বাদী হয়ে ২০ জানুয়ারি নাটোরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালত-২-এ (গুরুদাসপুর) মামলা করেছেন।
মরিয়ম বর্তমানে পাবনা পুলিশ লাইনসে কর্মরত রয়েছেন। মওদুদের বাড়ি গুরুদাসপুরের ঝাউপাড়া গ্রামে। আর মরিয়ম সিরাজগঞ্জের উল্লাপাড়ার কালিয়াকৈর গ্রামের ইব্রাহিম আকন্দের মেয়ে।
মামলার আরজি ও মওদুদের সঙ্গে কথা বলে জানা গেছে, মরিয়ম পুলিশে যোগদানের আগেই ২০১৩ সালের ২১ জানুয়ারি তাঁদের বিয়ে হয়। বিয়ের পর স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ে চাকরির ডোনেশন বাবদ ৪ লাখ ৬০ হাজার টাকা মওদুদের কাছ থেকে নেন মরিয়ম। ওই টাকা নেওয়ার পরপরই মরিয়ম পুলিশে যোগদান করেন। পরে রংপুরে প্রশিক্ষণে চলে যান। প্রশিক্ষণরত অবস্থায় স্বামী-স্ত্রী অবস্থায় থাকায় তাঁদের বিয়ের বিষয়টি প্রকাশ পায়। কিন্তু চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিতে অবিবাহিতদের আবেদন করতে বলা হয়েছিল। এ কারণে মরিয়ম চাকরি রক্ষায় ২০১৪ সালের ৪ এপ্রিল দ্বিতীয়বার রেজিস্ট্রি করে মওদুদকে বিয়ে করেন। পরে মরিয়ম মাগুরা পুলিশ লাইনসে যোগদান করেন। এ সময় স্বামী হিসেবে মওদুদকে অস্বীকার করেন মরিয়ম। বাধ্য হয়ে মওদুদ মাগুরার পুলিশ সুপার (এসপি) জিহাদুল কবিরের কাছে বিয়ের কাগজপত্রসহ মরিয়মকে স্ত্রী দাবি করে অভিযোগ করেন। এসপি তদন্ত করে মাগুরাতেই ২০১৪ সালের ১৮ সেপ্টেম্বর তৃতীয় দফায় তাঁদের বিয়ে পড়ান। সম্প্রতি মরিয়ম পাবনা পুলিশ লাইনসে যোগদান করেছেন।
মওদুদ দাবি করেন, তৃতীয় দফা বিয়ের পর থেকে মরিয়মের ভাই জাহাঙ্গীর হোসেনকে বিদেশ পাঠানোর অজুহাতে বিভিন্ন সময় আরও প্রায় তিন লাখ টাকা নেন মরিয়ম। এ ছাড়া পাঁচ ভরি তিন আনা সোনার গয়না নিয়ে সম্পর্ক বিচ্ছিন্ন করে দেন মরিয়ম। তবে ৪ জানুয়ারি মীমাংসা করার কথা বলে পাবনায় ডেকে নিয়ে মওদুদকে আটকে রেখে সন্ত্রাসী বাহিনী দিয়ে মারধর করে বিভিন্ন কাগজে স্বাক্ষর নেন মরিয়ম। মওদুদ আরও জানান, মরিয়মের গর্ভে ১৯ সপ্তাহের একটি ভ্রূণ ছিল। কিন্তু মরিয়ম তাঁর অনুমতি না নিয়েই গর্ভপাত ঘটান।
এ ব্যাপারে অভিযুক্ত মরিয়ম গত মঙ্গলবার দুপুরে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, বনিবনা না হওয়ায় গত ২৫ ডিসেম্বর মওদুদকে তালাক দেওয়া হয়েছে। তালাকের কপি ডাকযোগে পাঠানোও হয়েছে। তালাকের ঘটনায় ক্ষিপ্ত হয়ে মওদুদ তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে মামলা করেছেন।