নারী পোশাককর্মীকে খুনের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় ফাতেমা খাতুন (২০) নামের এক নারী পোশাককর্মী খুন হয়েছেন। সাবেক স্বামীর ছুরিকাঘাতে তিনি খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার উজান বৈলর গ্রামে এ ঘটনা ঘটে।
ফাতেমা খাতুন উজান বৈলর গ্রামের কুদ্দুস মিয়ার মেয়ে। তাঁর সাবেক স্বামীর নাম সুজন মিয়া। তাঁদের দুজনের বাড়ি একই গ্রামে।
পুলিশ সূত্র জানায়, প্রায় দুই বছর আগে ফাতেমার সঙ্গে সুজনের বিয়ে হয়। পরে তাঁদের বিচ্ছেদ ঘটে। গতকাল দুপুরে ফাতেমা আত্মীয়র বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। বেলা একটার দিকে রাস্তায় ফাতেমাকে পেছন দিক থেকে ছুরিকাঘাত করে পালিয়ে যান সুজন। এতে ফাতেমার মৃত্যু হয়।