নারী পোশাকশ্রমিকসহ ৪ জনের লাশ উদ্ধার
ঢাকার সাভার থেকে আজ রোববার সকালে একজন নারী পোশাকশ্রমিকসহ পৃথকভাবে চারজনের লাশ উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, সকালে সাভারের ভাকুরতা এলাকা থেকে ৫৫ বছর বয়সী অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে জয়নাবাড়ি এলাকায় হেলাল উদ্দিন (৬০) নামের অটোরিকশা গ্যারেজের একজন নিরাপত্তাকর্মীর লাশ উদ্ধার করা হয়েছে। বিদ্যুতায়িত হয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
সাভারের বিরুলিয়া এলাকা থেকে একজন নারী পোশাকশ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি আত্মহত্যা করেছেন বলে পুলিশ জানিয়েছে। তাঁর পরিচয় এখনো জানা যায়নি।
এদিকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক আমজাদুল হক বলেন, আজ ভোরে আনুমানিক ৫৫ বছর বয়সী অজ্ঞাতনামা একজনের লাশ হাসপাতালে রেখে দুই ব্যক্তি পালিয়ে যায়।
পৃথকভাবে চারটি লাশ উদ্ধারের বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন সাভার মডেল থানার সহকারী পুলিশ সুপার মাহবুবুর রহমান।