নারী প্রধান শিক্ষককে আ. লীগ নেতার মারধরের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>

• নারী প্রধান শিক্ষককে স্কুলের ঘণ্টা ছুড়ে মারলেন আওয়ামী লীগ নেতা
• অফিসকক্ষেই নারী প্রধান শিক্ষককে কিল, ঘুষি, চড়
• তদন্ত করবে বলছে পুলিশ

ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় গত বুধবার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবা আক্তারকে বিদ্যালয়ের সভাপতি প্রকাশ্যে মারধর করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার দুপুরে ওই শিক্ষক থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

মাহবুবা গৌরীপুরের চরশ্রীরামপুর আমির উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। বিদ্যালয়ের সভাপতির নাম আবু সাঈদ। তিনি ডৌহাখলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় একটি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষও।

ওই লিখিত অভিযোগ ও এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, গত বছরের ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে মাহবুবা ঈশ্বরগঞ্জের হাসের আলগী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বদলি হয়ে চরশ্রীরামপুর আমির উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন। যোগদানের পর থেকেই মাহবুবার সঙ্গে নিত্যপ্রয়োজনীয় বরাদ্দকৃত টাকা নিয়ে আবু সাঈদের বিরোধ চলছিল। গত বুধবার আবু সাঈদ বিদ্যালয়ে গেলে টাকাসহ নানা বিষয়ে কথা হয় মাহবুবার। একপর্যায়ে মাহবুবার সঙ্গে আবু সাঈদ স্কুলের ঘণ্টা বাজানো নিয়ে তর্কে জড়িয়ে পড়েন। পরে মাহবুবার দিকে ঘণ্টা ছুড়ে মারেন তিনি। তাতেও ক্ষান্ত হননি আবু সাঈদ। পরে তিনি অফিসকক্ষেই মাহবুবাকে কিল-ঘুষি, চর-থাপ্পড় মারেন। এ সময় বিদ্যালয়ের অন্য শিক্ষকেরা এসে মাহবুবাকে উদ্ধার করে অন্যত্র নিয়ে যান। এ ঘটনায় গতকাল দুপুরে মাহবুবাসহ অন্য শিক্ষকেরা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে অভিযোগ জানাতে এলে আবু সাইদ সেখানেও উপস্থিত হয়ে শিক্ষকদের সঙ্গে খারাপ আচরণ করেন।

প্রধান শিক্ষক মাহবুবা বলেন, ‘আমাকে প্রকাশ্যে মারধর করার বিষয়ে আমি থানায় মামলা করতে গেলে পুলিশ প্রাথমিকভাবে লিখিত অভিযোগ গ্রহণ করেছে।’

এ বিষয়ে জানতে চাইলে আবু সাঈদ বলেন, ‘আমি মাহবুবাকে বিদ্যালয়ের কার্যালয়ে বঙ্গবন্ধুর ছবি ও জাতীয় সংগীতের জন্য বারবার চাপ প্রয়োগ করলেও তিনি কোনো দিন তা পালন করেননি। জাতীয় সংগীত ও বঙ্গবন্ধুর ছবি টাঙানোর কথা না মানায় তাঁর সঙ্গে আমার কথা-কাটাকাটি হয়। মাহবুবার বিরুদ্ধে আমি প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বরাবর লিখিত অভিযোগ দেব।’

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার আহমদ বলেন, ‘প্রধান শিক্ষককে মারধরের ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’