নারী বিচারককে হত্যার হুমকি
ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতের এক বিচারককে হত্যার হুমকি দেওয়া হয়েছে। ডাকযোগে চিঠির দিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের নামে বিচারক বেগম কামরুন্নাহারকে পরিবারের সদস্যদের এই হুমকি দেওয়া হয়। তিনি স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হিসাবে রাজধানীর খিলক্ষেতের দুই নম্বর নিকুঞ্জের পল্লী বিদ্যুতায়ন আদালতে কর্মরত।
বেগম কামরুন্নাহার নিকুঞ্জতে সপরিবারে বসবাস করেন। এ ঘটনায় আজ বুধবার রাজধানীর খিলক্ষেত থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।
ক্যান্টনমেন্ট জোনের সহকারী কমিশনার কুদরত-ই-খুদা প্রথম আলোকে বলেন, ডাক যোগে পাঠানো চিঠিটি আজ দুপুরে কামরুন্নাহারের খাস কামরায় আসে। চিঠির ওপরে আনসারুল্লাহ বাংলা টিমের নাম উল্লেখ ছিল। তবে এক পাতার এই চিঠিতে তারিখ, স্থান উল্লেখ করা হয়নি। ঘটনার পর থেকে ওই বিচারকের বাসা, কর্মস্থল ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। এ ছাড়া কামরুন্নাহারের বাসার সামনে সিসি ক্যামেরা বসানো হয়েছে। এর পেছনে আনসারুল্লাহ বাংলা টিমসহ অন্য কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে।