নারী ভাইস চেয়ারম্যানকে মারতে গেলেন সাংসদ!
কুমিল্লার তিতাস উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান সামিয়া সুলতানাকে সমন্বয় কমিটির সভার পর চেয়ার দিয়ে মারতে উদ্যত হন জাতীয় পার্টির সাংসদ মো. আমির হোসেন। এ সময় তিনি সামিয়াকে গালিগালাজ করেন। নারী চেয়ারম্যানকে মারতে না পেরে সাংসদের অনুসারীরা নারী ভাইস চেয়ারম্যানের কক্ষের আসবাবপত্র ভাঙচুর করেন। গত রোববার এ ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে ওই নারী ভাইস চেয়ারম্যান উপজেলায় আসছেন না।
প্রত্যক্ষদর্শী অন্তত পাঁচজন সরকারি কর্মকর্তা ও কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, গত রোববার দুপুর সাড়ে ১২টার দিকে তিতাস উপজেলা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় কুমিল্লা-২ আসনের সাংসদ মোহাম্মদ আমির হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান সালাউদ্দিন সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সামিহা ফেরদৌসী, ভাইস চেয়ারম্যান শাহিনুল ইসলাম ও নারী ভাইস চেয়ারম্যান সামিয়া সুলতানাসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় নারী ভাইস চেয়ারম্যান সামিয়া সুলতানা তিতাস উপজেলার বাতাকান্দি বাজারের পুকুরপাড়ের সরকারি খাস জমি ভরাট করে দোকানপাট নির্মাণ, উজিরাকান্দি ভূঁইয়া বাজারে খাল ভরাট করে দোকান নির্মাণ এবং উপজেলার বিভিন্ন এলাকায় খাল, জলাশয় ও খাস জমি ভূমিদস্যুরা দখল করছেন বলে অভিযোগ করেন। একই সঙ্গে তিনি সরকারি সম্পত্তি রক্ষা করার দাবি জানান।
সভায় উপস্থিত ইউএনও সামিহা ফেরদৌসী এ সময় বলেন, ‘বাতাকান্দি বাজারের অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হচ্ছে। ঘটনাস্থলে সহকারী কমিশনার (ভূমি) আরিফুল ইসলাম সর্দার রয়েছেন।’ তখন সভা থেকেই সাংসদ সহকারী কমিশনারকে ফোন দিয়ে উচ্ছেদ কার্যক্রম বন্ধ করে চলে আসার জন্য নির্দেশ দেন। এরপর সহকারী কমিশনার ঘটনাস্থল থেকে উপজেলা কমপ্লেক্সে চলে আসেন। বেলা পৌনে দুইটার দিকে সমন্বয় কমিটির সভা শেষ হয়। তখন খাবার কক্ষে সাংসদ আমির হোসেন নারী ভাইস চেয়ারম্যানকে বলেন, ‘আপনি বিএনপি করেন। আপনাকে আমি রক্ষা করছি। আর আপনি মিটিংয়ে এসব কথা বলছেন।’ এ সময় নারী ভাইস চেয়ারম্যান বলেন, ‘আমাকে আল্লাহ রক্ষা করেন, আপনি না। অন্যায়ের বিরুদ্ধে আমি কথা বলবই।’ তখন সাংসদ নিজেই তাঁর চেয়ার থেকে উঠে ওই নারী ভাইস চেয়ারম্যানকে চেয়ার তুলে মারতে যান। একই সঙ্গে তাঁকে গালিগালাজ করেন। পরে উপস্থিত লোকজন কোন রকমে সাংসদকে নিবৃত্ত করেন। এরপর নারী ভাইস চেয়ারম্যান তাঁর ব্যক্তিগত গাড়ি নিয়ে উপজেলা কমপ্লেক্স থেকে চলে যান।
এরপর সাংসদের ও উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিনুল ইসলামের অনুসারীরা নারী ভাইস চেয়ারম্যানের সরকারি অফিস কক্ষে ঢুকে সব আসবাবপত্র ভাঙচুর করেন। তৃতীয় তলার ওই দপ্তর থেকে নিচতলায় চেয়ার ফেলে দেন। এ সময় তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মো. আবদুল হান্নান ঘটনাস্থলে দাঁড়িয়ে ছিলেন। এ ঘটনার পর আজ মঙ্গলবার পর্যন্ত নারী ভাইস চেয়ারম্যান তাঁর দপ্তরে আসেননি। তিনি রাজধানী ঢাকার বাসাবো এলাকার নিজ বাসায় অবস্থান করছেন বলে জানা গেছে।
এ ব্যাপারে জানতে চাইলে সামিয়া সুলতানা বলেন, ‘ভূমি দখলের বিরুদ্ধে প্রতিবাদ করায় সাংসদ ও ভাইস চেয়ারম্যানের লোকজন আমার বিরুদ্ধে ক্ষেপেছেন। তাঁরা লোক দিয়ে আমার সরকারি অফিসের আসবাবপত্র ভাঙচুর করেছে।’ সহকারী কমিশনার (ভূমি) আরিফুল ইসলাম সর্দার বলেন, ‘অবৈধভাবে খাস জমির মধ্যে দোকানপাট নির্মাণ করা হচ্ছিল। আমরা সেটা গুঁড়িয়ে দিয়েছি।’ নারী ভাইস চেয়ারম্যানের সঙ্গে অশোভন আচরণের ব্যাপারে তিনি কোন মন্তব্য করতে রাজি হননি। ভাইস চেয়ারম্যান শাহিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আমি মোটরসাইকেলে নেমে পরে ফোন দেব’।
ইউএনও সামিহা ফেরদৌসী বলেন, খাবারের কক্ষে সাংসদের সঙ্গে নারী ভাইস চেয়ারম্যানের কথা-কাটাকাটি থেকে ঝামেলা হয়েছে। পরে নারী ভাইস চেয়ারম্যানের আসবাবপত্র ভাঙচুর করা হয়। সমন্বয় সভায় কোন ঝামেলা হয়নি।
এ ব্যাপারে আজ মঙ্গলবার দুপুরে সাংসদ মো. আমির হোসেনের মোবাইলে দুই দফা যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি। তবে তাঁর ব্যক্তিগত কর্মকর্তা পরিচয় দিয়ে একজন বলেন, ‘সচিবালয়ে স্যার মিটিং করতে গিয়েছেন।’ পরে ফোন দিয়েও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।