নারী শিক্ষককে মেঝেতে ফেলে লাথি, কিলঘুষি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন নারী শিক্ষককে কর্মস্থলে তাঁরই এক সহকর্মী মেঝেতে ফেলে পেটে লাথি মারেন। এলোপাতাড়ি কিলঘুষি মেরে আহত করেন। উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের তদন্তে এ এমন তথ্য মিলেছে।
বগুড়ার সোনাতলা উপজেলার শালিখা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গত ৩০ মার্চ এ ঘটনা ঘটে। নির্যাতনের শিকার ওই শিক্ষকের নাম হাবিবা খাতুন। অভিযোগ রয়েছে, তাঁর ওপর একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক রবিউল ইসলাম আক্রমণ চালান। এ ঘটনায় রবিউলের বিরুদ্ধে নির্যাতন ও শ্লীলতাহানির অভিযোগ এনে আদালতে মামলা হয়েছে।
এদিকে রবিউলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানবাধিকার কমিশন সোনাতলা উপজেলা কমিটির উদ্যোগে গতকাল মঙ্গলবার সোনাতলা উপজেলা সদরে মানববন্ধন হয়েছে। বেলা সাড়ে ১১টা থেকে ১টা পর্যন্ত এ কর্মসূচি চলে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি দেওয়া হয়।
উপজেলা ও জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় ও আদালত সূত্রে জানা গেছে, সহকর্মী রবিউল দীর্ঘদিন ধরে হাবিবাকে উত্ত্যক্ত করে আসছিলেন। হাবিবা বিষয়টি মৌখিকভাবে উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাকেও জানিয়েছিলেন। ওই প্রস্তাবে সাড়া না দেওয়ায় ক্ষিপ্ত ছিলেন রবিউল। এর জেরে ৩০ মার্চ বেলা সোয়া একটার দিকে পঞ্চম শ্রেণির পাঠদান শেষে অফিসকক্ষে গেলে প্রধান শিক্ষকের সামনে নৈমিত্তিক ছুটির প্রসঙ্গ নিয়ে হাবিবাকে আক্রমণ করে কথা বলতে থাকেন রবিউল। এর প্রতিবাদ করলে রবিউল ক্রুদ্ধ হন। তিনি হাবিবাকে গালিগালাজ করেন। একপর্যায়ে তাঁর ওপর শারীরিক আক্রমণ চালান।
হাবিবা খাতুন প্রথম আলোকে বলেন, ‘শুধু নারী হওয়ার অপরাধে একজন পুরুষ সহকর্মী সেদিন প্রধান শিক্ষকের সামনেই আমাকে মেঝেতে ফেলে লাথি মেরেছেন। সহকর্মী রবিউল আমাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন। এরপর শারীরিক নির্যাতন চালান। তখন সেখানে আমার চার বছরের শিশুসন্তান ছিল। সে ভয়ে জড়িয়ে ধরলে তাকেও ধাক্কা মেরে ফেলে দেন রবিউল।’
হাবিবা অভিযোগ করেন, রবিউল প্রভাব খাটিয়ে তাঁর পক্ষে তদন্ত প্রতিবেদন নেওয়ার চেষ্টা করছেন। মামলা তুলে নেওয়ার জন্য নানাভাবে হুমকি দিচ্ছেন।
তবে এ অভিযোগ অস্বীকার করে শিক্ষক রবিউল ইসলাম বলেন, ‘হাবিবা খাতুন মানসিকভাবে অসুস্থ ও বিকারগ্রস্ত। অন্যদিকে আমি নিরীহপ্রকৃতির লোক। শারীরিকভাবে হাবিবাকে লাঞ্ছিত করা বা তাঁকে লাথি মারার অভিযোগ সঠিক নয়।’
একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক জেসমিন আকতার বলেন, সহকর্মী হিসেবে হাবিবা অনেক ভালো। তিনি মোটেও বিকারগ্রস্ত নন। ঘটনার দিন চিৎকার-চেঁচামেচি শুনে শ্রেণিকক্ষ থেকে তিনি অফিসকক্ষে যান। মারধরের ঘটনা এর আগেই ঘটে। তবে তখনো রবিউল ও হাবিবার মধ্যে বাগ্বিতণ্ডা চলছিল।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বেলাল হোসেন বলেন, তদন্তে অভিযোগের সত্যতা মিলেছে। রবিউল ইসলামের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে সুপারিশ পাঠানো হয়েছে।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হোসেন আলী বলেন, তদন্তে নারী শিক্ষককে মারধরের সত্যতা মিলেছে। এ কারণে নির্যাতনকারী শিক্ষক রবিউলকে অন্যত্র বদলির জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে সুপারিশ পাঠানো হয়েছে।