নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
নারী শিক্ষকদের সঙ্গে অশালীন আচরণ, চার ছাত্র বহিষ্কার
নারী শিক্ষকদের সঙ্গে অশালীন আচরণ করায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চার ছাত্রকে বহিষ্কার করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন অর্থনীতির ছাত্র মো. মাহমুদুল হাসান ওরফে মামুন ও ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সবুজ ইসলাম, এগ্রিকালচার বিভাগের ছাত্র খাইরুল বাশার ওরফে বিপ্লব ও ফলিত গণিত বিভাগের ছাত্র শাহীন আলম। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম অহিদুজ্জামানের নির্দেশে তাঁদের বহিষ্কার করা হয়।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, গতকাল বিকেলে ক্যাম্পাসের পুকুরপাড়ে বেড়াতে যান চারজন নারী শিক্ষক। এ সময় ওই চার ছাত্র শিক্ষকদের সঙ্গে অশালীন আচরণ করেন।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ শাখার সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তামজিদ হোছাইন চৌধুরী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বহিষ্কৃত শিক্ষার্থীদের কেন বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, তা আগামী সাত দিনের মধ্যে জানাতে বলা হয়েছে। এ ছাড়া একই বিষয়ে থানায় মামলা করতে প্রক্টরকে নির্দেশ দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মুহাম্মদ মুশফিকুর রহমান গতকাল রাত পৌনে নয়টায় মুঠোফোনে প্রথম আলোকে বলেন, উপাচার্যের নির্দেশনার চিঠি তিনি হাতে পাননি। পেলে থানায় মামলা করা হবে।
নারী শিক্ষকদের সঙ্গে অশালীন আচরণ করার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। তাঁরা এ ঘটনার সঙ্গে জড়িত শিক্ষার্থীদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়াসহ স্থায়ীভাবে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের দাবি জানান।
নাম না প্রকাশের শর্তে একাধিক শিক্ষক ও শিক্ষার্থী প্রথম আলোকে বলেন, ক্যাম্পাসের কিছু চিহ্নিত ছাত্র ও বহিরাগত ব্যক্তিরা এর আগেও ছাত্রীদের সঙ্গে অশোভন আচরণ করেছেন। ছাত্রীদের উত্ত্যক্ত করার ঘটনাও ঘটেছে। কিন্তু এসব বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অভিযোগ করে কোনো প্রতিকার পাওয়া যায়নি। যার কারণে শিক্ষকদের সঙ্গেও এমন আচরণ করার ধৃষ্টতা দেখিয়েছেন তাঁরা।