নারী, শিশু ও কৃষক খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর মির্জাগঞ্জে গতকাল রোববার মো. জাফর (৩০) নামের এক কৃষকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। একই দিন শরীয়তপুরের ডামুড্যায় এক শিশুর লাশ উদ্ধার করা হয়। এর আগে শনিবার পিরোজপুরের মঠবাড়িয়ায় যৌতুক না পেয়ে এক গৃহবধূকে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে।
প্রথম আলোর আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
পটুয়াখালী: নিহত জাফরের বাড়ি জেলার মির্জাগঞ্জ উপজেলার দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামে। নিহত ব্যক্তির স্ত্রী সুমি বেগম পুলিশকে জানান, শনিবার সন্ধ্যার দিকে বাড়ি থেকে বের হন জাফর। তিনি রাতে আর ফেরেননি। পরদিন সকালে বাড়ির পাশে একটি খেতে জাফরের গলাকাটা লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন।
শরীয়তপুর: জেলার ডামুড্যা উপজেলার জয়ালু গ্রাম থেকে গতকাল বেলা তিনটার দিকে তারেক হাওলাদার (৪) নামের এক শিশুর লাশ উদ্ধার করে পুলিশ। ডামুড্যা থানার ওসি শরীফ মো. আশরাফুল আমীন বলেন, জয়ালু গ্রামের ভ্যানচালক ফারেক আলী হাওলাদারের ছেলে তারেক হাওলাদার সকাল ১০টার দিকে বাড়ির পাশে অন্য শিশুদের সঙ্গে খেলছিল। অন্য শিশুরা ঘরে ফিরে গেলেও তারেক ফেরেনি। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে পাশের বাড়ির একটি খালি ঘরে তারেকের লাশ দেখতে পান স্বজনেরা। শিশুটির গলায় রুপার চেইন ছিল। লাশের গলায় সেটি পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, চেইনটি ছিনিয়ে নিতে শিশুটিকে হত্যা করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে একই গ্রামের পারভেজ নামের এক যুবককে আটক করা হয়।
মঠবাড়িয়া (পিরোজপুর): মঠবাড়িয়া উপজেলার ফুলঝুড়ি গ্রাম থেকে শনিবার সন্ধ্যায় সালমা বেগম (২৪) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়। ঘটনার পর থেকে সালমার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন পলাতক রয়েছেন।
সালমার বড় ভাই মো. বেল্লাল অভিযোগ করেন, সালমার স্বামী নজরুল ফকির যৌতুক হিসেবে মোটরসাইকেল চেয়ে পাননি। এ জন্য তাঁর বোনকে গলায় ফাঁস লাগিয়ে হত্যা করে লাশ বাড়ির উঠানে ফেলে পালিয়ে যান।
পুলিশ ও সালমার পারিবারিক সূত্র জানায়, সালমা–নজরুল দম্পতির ছয় বছরের একটি ছেলে রয়েছে। সম্প্রতি নজরুল স্ত্রীর কাছে শ্বশুরবাড়ি থেকে একটি মোটরসাইকেল এনে দিতে বলেছিলেন। এ নিয়ে দাম্পত্য কলহ দেখা দেয়।