নারী শ্রমিক খুন, চারজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাওনা টাকা নিয়ে বিরোধের জের ধরে চট্টগ্রামে মঞ্জিলা আকতার (৩৫) নামের এক নারী পোশাক শ্রমিক খুন হয়েছেন।
রোববার রাতে তাঁকে ছুরিকাঘাত করার পর চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার ভোরে তিনি মারা যান। এ ঘটনায় জড়িত চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত মঞ্জিলার বাড়ি পিরোজপুর মঠবাড়িয়ার ফুলঝুড়ি গ্রামে। তাঁর বাবার নাম ফজলুল হক। তিনি ইপিজেডের একটি পোশাক কারখানায় কাজ করতেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হচ্ছেন হাসিনা আকতার (৩০), জাকারিয়া (৩০), নাসিমা (২৫), হনুফা (৩৮)।
ইপিজেড থানা জানিয়েছে, মঞ্জিলা কয়েক বছর আগে তাঁর বান্ধবী হাসিনার স্বামী মো. ইসমাইলের (৩৮) কাছ থেকে এক লাখ টাকা ধার নেন। দীর্ঘদিন পার হলেও সেটি শোধ করতে পারেননি। এ কারণে তাঁদের মধ্যে বিরোধ চলছিল। রোববার রাতে কর্মস্থল থেকে বন্দরটিলার বাসায় ফেরার পথে ইসমাইল ও হাসিনাসহ কয়েকজন মঞ্জিলার গতিরোধ করেন। কথা-কাটাকাটির একপর্যায়ে মঞ্জিলাকে ছুরিকাঘাত করে পালিয়ে যান আসামিরা।
ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল মনসুর জানিয়েছেন, এ ঘটনায় ইসমাইলকে প্রধান আসামি করে নিহতের ভাই মো. সোলায়মান মামলা করেছেন।