নারী শ্রমিককে গণধর্ষণের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারী উত্তরা ইপিজেডের ভ্যানচুরা কারখানার এক নারী শ্রমিক (১৮) গণধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার রাতে এ ঘটনা ঘটে। আজ বৃহস্পতিবার দুপুরে ধর্ষণের শিকার তরুণী বাদী হয়ে চারজনকে আসামি করে একটি মামলা করেছেন। পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।

ওই তরুণীর অভিযোগ, প্রায় তিন মাস আগে তিনি উত্তরা ইপিজেডের ভ্যানচুরা কারখানায় শ্রমিকের কাজ নেন। কারখানা থেকে প্রায় এক কিলোমিটার দূরে বাবুর হাট এলাকার একটি ভাড়া বাড়িতে থাকেন তিনি। কাল সন্ধ্যা সোয়া সাতটার দিকে কারখানা ছুটি হলে অন্য আরেকটি কারখানার এক শ্রমিক বন্ধুর সঙ্গে তিনি বাসার দিকে যাচ্ছিলেন। এ সময় তাঁর বাসার অদূরে দুজন তাঁদের পথ রোধ করে। তারা সঙ্গে থাকা বন্ধুটিকে ভয় দেখিয়ে তাড়িয়ে দেয়। এরপর তারা তাঁকে প্রাণনাশের হুমকি দিয়ে বাঁশবাগানে নিয়ে যায়। তারা মোবাইল ফোনে আরও একজনকে ডেকে আনে এবং তাকে ধর্ষণ করে। ঘটনার পর তাঁর কান্না শুনে এলাকাবাসী তাঁকে উদ্ধার করে নীলফামারী আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন।

নীলফামারী আধুনিক সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন বলেন, ধর্ষণের শিকার তরুণীটিকে বুধবার রাত পৌনে ১১টার দিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিকভাবে ধর্ষণের আলামত পাওয়া গেছে। বৃহস্পতিবার দুপুরে তরুণীটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান পাশা বলেন, তরুণীটি বাদী হয়ে চারজনকে আসামি করে একটি ধর্ষণ মামলা করেছেন। আজ সন্ধ্যায় আসামিদের একজন বাবুরহাট এলাকার ওলজার রহমানকে (২৫) পুলিশ গ্রেপ্তার করেছে। অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে। তবে তাদের নাম প্রকাশ করেনি পুলিশ।

ইপিজেডের একটি কারখানার শ্রমিক নাম প্রকাশ না করার শর্তে বলেন, কারখানা কর্তৃপক্ষ প্রতিদিন বাধ্যতামূলক দুই থেকে তিন ঘণ্টা ওভারটাইম করায়। এতে দূরের নারী শ্রমিকদের সন্ধ্যার পর নিরাপত্তাহীনতার মধ্যে চলাচল করতে হয়। বুধবার কারখানায় তিন ঘণ্টা ওভারটাইম করার কারণে এ ধরনের ঘটনা ঘটেছে। ওভারটাইম না করলে বিকেল চারটায় কারখানা ছুটি হওয়ার কথা।

এ ব্যাপারে কথা বলার জন্য কারখানায় গেলে কারখানার দরজায় থাকা দারোয়ানেরা ভেতরে যাওয়ার অনুমতি নাই বলে ভেতরে ঢুকতে দেননি।